আকাশে-বাতাসে জয়ধ্বনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বৃষ্টিতে ভিজে একাকার। কাদায় মাখামাখি। তবু আনন্দের কমতি নেই। বন্ধুরা কাঁধে কাঁধ রেখে রেলগাড়ির মতো ঘুরছে, কেউ-বা নন্দন পার্কের বিভিন্ন রাইডে চেপে আনন্দে চিৎকারে মাতছে। প্রথম আলোর আয়োজনে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের জন্য কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের দৃশ্য এটি। ভাবছেন, এ আবার কেমন সংবর্ধনা? হ্যাঁ, সারা দিন ধরে আনন্দ, এরই ফাঁকে ক্রেস্ট ও সনদ গ্রহণ, দুপুরে খেয়েদেয়ে গানের সুরে নাচতে থাকা, গুণী মানুষের কথায় ভবিষ্যতের স্বপ্ন দেখা। আর মাঝে মাঝেই এমন জোরে ‘বাংলাদেশ’ বলে চিৎকার করা, যেন শব্দ চলে যায় টেকনাফ থেকে তেঁতুলিয়ায়।
শুধু ঢাকার কৃতী শিক্ষার্থীদের জন্যই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, তা নয়, সারা দেশের এসএসসি উত্তীর্ণ হাজার হাজার শিক্ষার্থীকেই এই সংবর্ধনা দেওয়া হয়, জেলায় জেলায়। যেমন ২০১৩ সালে সারা দেশে মোট ৭৭ হাজার ৩৮১ জন শিক্ষার্থী এই সংবর্ধনা পেয়েছিল।
কৃতী শিক্ষার্থীদের জন্য এই সংবর্ধনা প্রথম আয়োজন করা হয়েছিল ১৯৯৯ সালে। তবে তখন ছিল বিভিন্ন বোর্ডে সম্মিলিত মেধাতালিকা। এসএসসি ও এইচএসসিতে। সংবর্ধনা অনুষ্ঠানে এসে কৃতী শিক্ষার্থীরা তাদের সেই সব বন্ধুর জন্যও করতালি দেয়, যারা জিপিএ-৫ পায়নি। যেন জীবনের অন্য দৌড়ে তারা সফল হয়। মা-বাবা, শিক্ষক-শিক্ষিকাদের জন্যও থাকে তাদের করতালির কৃতজ্ঞতা। আর সবচেয়ে বেশি করতালি দেয় দেশমাতার জন্য। কেউ কেউ মাইক্রোফোনে জানায় নিজের স্বপ্নের কথা, ‘চিকিৎসক হব’, ‘মঙ্গল গ্রহে যাব’, ‘বিজ্ঞানী হব’, ‘দেশের জন্য সুনাম কেড়ে আনব’, ‘বিদেশে পড়ে দেশে ফিরে আসব’। তবে এরই ফাঁকে প্রতিবছরই কেউ না কেউ বলবেই, ‘ভালো মানুষ হতে চাই’—সঙ্গে সঙ্গেই আকাশে-বাতাসে শুধুই তালি আর জয়ধ্বনি।

একনজরে
 মোট আয়োজন: ১২ (১৯৯৯-২০০২, ২০০৫-২০১০, ২০১২-২০১৩)
 মোট অংশগ্রহণকারী: প্রায় চার লাখ
আয়োজক: প্রথম আলো
টাইটেল স্পনসর: গ্রামীণফোন, একটেল/রবি, ইউসিবি ব্যাংক, টেলিটক

সুমনা শারমীন
ফিচার সম্পাদক, প্রথম আলো