আকাশে শঙ্খচিল জলে পানকৌড়ি
আকাশে শিকারি শঙ্খচিলের আনাগোনা। জলে পানকৌড়ির নিরবচ্ছিন্ন ডুব। এত সব দেখে সহজেই আঁচ করা যায় মাছে পরিপূর্ণ টাঙ্গুয়ার হাওর। শুধু পানকৌড়ি কিংবা শঙ্খচিল নয়। শিকারের লোভে ওত পেতে আছে নাম না-জানা আরও অনেক পাখি। এদের দেখতেই তো আসা। মোটরসাইকেলে করে ভোঁ ভোঁ শব্দে ছুটে চলেছি। কখনো টিলা কখনো বিল আবার কখনো বা বাঁশের পুল। টানা সোয়া দুই ঘণ্টা বাইকে গিয়ে নামলাম তাহিরপুর উপজেলায়। সুনামগঞ্জের সুরমা নদী পেরিয়ে ৩৫-৪০ কিলোমিটার পথ। না, টাঙ্গুয়ার হাওর নয়। সুনামগঞ্জ থেকে তাহিরপুরের ডাম্পের বাজার পর্যন্ত। সেখান থেকে ট্রলারে করে আরও দেড় ঘণ্টার পথ পার হলে টাঙ্গুয়ার হাওর। বন্ধুর পথ হলেও হাওরের মুখে এসে পথের সব ক্লান্তির কথা একদম ভুলে গেলাম। উত্তরে যত দূর চোখ যায় মেঘালয়ের সারি সারি পাহাড়ের সঙ্গে মেঘের মিতালি। বাকি তিন দিকই যেন দৃষ্টিসীমার আড়াল হয়ে গেল। দিগন্তজুড়ে এই বিশাল জলরাশির মাঝে শুধু পাখিদের কলকাকলি। দেশি-বিদেশি অর্ধশতাধিক প্রজাতির পাখির বিচরণ আছে এই হাওরে। তাদের মধ্যে বক, সারস, শঙ্খচিল, কালেম, বৈদর, ডাহুক, পানকৌড়ি, জলকুক্কুট, বালিহাঁস, শকুন অন্যতম। স্বচ্ছ পানির দিকে তাকালে দেখা যায় ঝাঁকে ঝাঁকে মাছ। স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলছে অবিরত। নীল পানিতে মাছের ছোটাছুটি দেখে সাঁতার কাটার লোভ সামলানো গেল না। পানিতে নেমে মাছের সঙ্গে সাঁতার প্রতিযোগিতায় যোগ দিলাম আমরাও। হাওরে প্রবেশের একটু আগে বেয়ালমারা খোলায় আমাদের থাকার বন্দোবস্ত করা হলো। প্রথম আলো বন্ধুসভার সদস্যরাই ব্যবস্থা করে দিলেন। এখানে কেউ বেড়াতে এলে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। খোলার চারপাশে যত দূর দৃষ্টি যায় শুধু বিস্তৃত জলরাশি। নাম খোলা হলেও ভেতরটা দেখতে বেশ পরিপাটি। সোলার প্লান্টের মাধ্যমে বিদ্যুতেরও সুব্যবস্থা রয়েছে এখানে। খোলা হলো বাঁশ দিয়ে তৈরি কয়েকটি ছোট ছোট ঘর। হাওরের ইজারাদার ও পাহারাদারদের অস্থায়ীভাবে থাকার জন্য তৈরি করা হয়েছে এগুলো। সারা দিন ঘুরে ঘুরে হাওরের পাখি আর মাছ দেখার পর সন্ধ্যায় ফিরে এলাম বেয়ালমারা খোলায়। সেখানে আরেক চমক। অনুপমদা (টাঙ্গুয়ার হাওরের ইজারাদার) আইড়, পাবদা, বোয়াল, ফলিসহ ছোট-বড় প্রায় ২৫ ধরনের মাছের দুইটা ঝুড়ি আমাদের সামনে রেখে দিলেন। এগুলো দিয়েই আমাদের আপ্যায়ন হবে। কোনটা কীভাবে খাব তা বলে দিলেই তৈরি হয়ে চলে আসবে। এত জাতের মাছ একসঙ্গে আগে কখনো দেখিনি। শুরু হয়ে গেল রান্নাবান্নার আয়োজন। প্রায় সাত পদের তরকারি দিয়ে সারলাম রাতের খাবার। রাতের হাওর মেলে ধরেছে তার রূপ। তারা ঝিকমিক আকাশে এক টুকরা চাঁদ আর খোলা প্রান্তরে আমরা। মন না চাইলেও তো একসময় ফিরতেই হবে এখান থেকে। যেভাবে যেতে হবেঢাকার সায়েদাবাদ কিংবা ফকিরাপুল থেকে শ্যামলী অথবা মামুন পরিবহনে করে সুনামগঞ্জ। সেখান থেকে সুরমা নদী পেরিয়ে বাইকে কিংবা লেগুনাযোগে তাহিরপুর ডাম্পের বাজার। ডাম্পের বাজার থেকে ট্রলারে চড়ে যেতে হবে টাঙ্গুয়ার হাওরে। ট্রলারে ১৫-২০ জনের খরচ পড়বে এক হাজার ৫০০ থেকে দুই হাজার টাকা। আর বর্ষায় সুনামগঞ্জ থেকে তিন হাজার থেকে চার হাজার টাকার মধ্যে সরাসরি ট্রলারে করে টাঙ্গুয়ার হাওরে যাওয়া যায়। তবে হাওরে থাকার ব্যবস্থা তেমন ভালো নেই। এই মৌসুমে তাহিরপুরে ঘাঁটি গেড়ে ঘুরে আসতে পারেন হাওরে। তাহিরপুরে সরকারি বাংলো আছে।