আকাশের জন্য ভালোবাসা

কক্সবাজারের রামুর মানুষ রাতদিন পাহারা বসিয়ে ‘আকাশ’ রক্ষার চেষ্টা করছেন। এলাকাবাসীর ধারণা, আকাশ রক্ষা পেলে এলাকায় পর্যটকেরা আসবেন। তখন পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী তৎপর হবে। ফলে দুর্গম ঈদগড় সড়কে গণডাকাতি, লুটপাট ও অপহরণ বন্ধ হবে।
রামুর ঈদগড়ের দুর্গম করইল্যামুরা পাহাড়ে ২০৯ বছর বয়সী গজারিগাছটি লোকজনের কাছে আকাশ নামে পরিচিত, যার উচ্চতা প্রায় ৯০ ফুট। কাণ্ডের প্রস্থ ২৭ ফুট। গাছটি এখনো ফল দিচ্ছে।
১৪ মার্চ প্রথম আলোতে রামুর আকাশ বৃক্ষ নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। একটি চক্র গাছের গোড়ায় বিষ দিয়ে গাছটি কেটে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে—এমন তথ্য প্রতিবেদনে প্রকাশিত হলে এলাকার লোকজন এটি রক্ষায় এগিয়ে আসে। এরপর ১৯ মার্চ বিকেলে কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ আকাশ দেখতে সেখানে ছুটে যান। এরপর তিনি গাছটি রক্ষায় সেখানকার লোকজনকে শপথ করান। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
সম্প্রতি করইল্যামুরা পাহাড়ে গিয়ে দেখা গেছে, গাছটির গোড়ায় পাথরের একটি ফলক লাগানো। বন বিভাগের সহযোগিতায় ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি ফলকটি স্থাপন করে কক্সবাজার জেলা পরিষদ। দর্শনার্থীদের বসার জন্য গাছের গোড়ায় পাথরের গোলাকৃতি বেঞ্চ তৈরি করা হয়। ফলকে লেখা আছে, ‘আমায় বাঁচতে দিন। লোভাতুর মানুষ দেখলেই ভয়ে আমার অন্তর-আত্মা কেঁপে ওঠে। কুঠারাঘাতে, করাত দিয়ে কিংবা বিষ প্রয়োগে আমার অস্তিত্ব বিপন্ন করবেন না।’
গাছটির নামকরণ করা হয় ‘প্রকৃতির দুরন্ত সন্তান—আকাশ’ নামে। গাছটির বয়স উল্লেখ রয়েছে ২০০ বছর। গাছের উচ্চতা ৮০ ফুট। বেড় গোড়ার দিকে ২২ ফুট, মাঝে ১৫ ফুট এবং মাথায় ১১ ফুট। স্থানীয় লোকজন জানায়, সাত বছর আগেও এই করইল্যামুরা এলাকায় কয়েক হাজার গজারি ও গর্জনগাছ ছিল। স্থানীয় কিছু প্রভাবশালী লোক সিন্ডিকেট করে গাছগুলো নিধন করে। এই চক্র গোড়ায় বিষ দিয়ে গজারিগাছটি মেরে ফেলার চক্রান্ত করছিল। কিন্তু এলাকার মানুষ সতর্ক থাকায় তা সম্ভব হয়নি।
এলাকার বৃদ্ধ ফজল আহমদ (৭৮) জানান, জন্মের পর থেকে তিনি গাছটি দেখে আসছেন। আগে গাছটির আশপাশে আরও কয়েক শ গর্জনগাছ ছিল। সবই কেটে ফেলা হয়েছে। আকাশ কী করে এত বছর রক্ষা পেল, অবাক লাগছে।
কক্সবাজারের পুলিশ সুপার বলেন, ‘এই গাছটি টিকে আছে বলেই আমরা ৮০ কিলোমিটার দূর থেকে ছুটে এসেছি। গাছটি দেখতে এখানে দেশি–বিদেশি পর্যটকের আগমন ঘটবে। পর্যটকের নিরাপত্তা দিতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে মাঠে থাকতে হবে। তখন ঈদগড় সড়কে ডাকাতি, লুটপাট ও অপহরণ বন্ধ হয়ে যাবে।’
পুলিশ সুপারের বক্তব্য শুনে উপস্থিত লোকজন দাঁড়িয়ে গাছটি রক্ষার শপথ নেন। বলেন, রাতদিন পাহারা বসিয়ে তাঁরা গাছটি রক্ষা করবেন। এ সময় উপস্থিত ছিলেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আহমেদ ভুঁইয়া, ঈদগড় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফিরোজ আহমদ, ঈদগড় বন রেঞ্জ কর্মকর্তা আমিনুর রশিদসহ স্থানীয় লোকজন।
ঈদগড় বন রেঞ্জ কর্মকর্তা আমিনুর রশিদ জানান, প্রথম আলোর কারণে ২০৯ বছর বয়সী গাছটি রক্ষা পাচ্ছে। গাছটি রক্ষায় মানুষ এত আন্তরিক হবে ভাবতেই পারিনি। দস্যুদের কবল থেকে রক্ষা করা গেলে আকাশ আরও ২০০ বছর বাঁচবে।
ফিরোজ আহমদ বলেন, গাছটি রক্ষার জন্য সব শ্রেণি–পেশার লোকজন নিয়ে ‘গাছরক্ষা কমিটি’ গঠন হচ্ছে। কক্সবাজার জেলা পরিষদের উদ্যোগে গাছটির চারপাশে ইকো পার্ক তৈরির পরিকল্পনা চলছে। তখন এটি পর্যটকের দর্শণীয় স্থানে পরিণত হবে।