আকুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুইও এত ঘৃণা করিস আমাকে, এত্ত ঘৃণা! তাই বুঝি প্রচণ্ড আক্রোশে আমাকে লাথি মারিস। বেরিয়ে আসতে চাস এই নষ্ট শরীরের বৃত্ত থেকে। জানিস, তোর এই লাথিতে ব্যথায় কলজেটা মোচড় দিয়ে ওঠে, বুঝিস না তুই? না বুঝলে চলবে কেন, বল, কে বুঝবে তুই ছাড়া, তুই, তুই-ই তো বুঝবি সবচেয়ে বেশি। কোনো প্রতারক বুঝবে না, কোনো নিষ্ঠুর বুঝবে না, বুঝবে না পাথরের এই শহরের কোনো মূর্তি। একটু ভালোবাসা কে না চায়, বল। হয়তো ভুল সময়ে, ভুল মানুষের, ভুল হাতে সঁপেছিলাম নিজেকে। চিরচেনা ঘর থেকে, মা-বাবা থেকে, নিজের পৃথিবী ছেড়ে কিসের মোহে, কী এক আশ্চর্য আকর্ষণে বেরিয়েছিলাম, আজ আর মনে করতে ইচ্ছে করছে না। ভালোবাসার মানুষের জন্য বিলিয়ে দিয়েছিলাম নিজেকে, পাগলের মতো, অন্ধের মতো। ওর চোখের সামনে আমি ছিলাম মূক, শুধু তাকিয়েই থাকতে পারতাম। সমাজ নামের উটটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বপ্নে ভেসে বেড়াতাম। বাতাসে উড়ে, সাগরে ভেসে, ওর হাত ধরে পৌঁছে গিয়েছিলাম স্বপ্নরাজ্যে। কিন্তু যখন স্বল্প ভঙ্গ হলো, তখন বিশ্বাস কর, অবাক হওয়ার মতো শক্তিও আমার ছিল না। প্রিয় মানুষই বুঝি সবচেয়ে বেশি নিষ্ঠুর হয়, হূদয়টাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেয়। পরিবার, সমাজ সবাই শুধু ছি ছি করল, এই আমাকে। পরিত্যক্তা, অসহায় এই নিজেকে মনে হতো বন্য পশুর ধারালো দাঁতের, নখের আঁচড়ে ক্ষতবিক্ষত এক মাংসপিণ্ড। এসবের জন্য দায়ী যে কোথায় যেন হারিয়ে গেল সে, কোন দেশে, নতুন কার হাত ধরে, কে জানে। আমার সামনে থাকল শুধু একটাই পথ, মৃত্যু...। তখনই নিজের ভেতর অস্তিত্ব আবিষ্কার করলাম, নতুন এক প্রাণের। দহনকালের তপ্ত ভালোবাসার আশ্চর্য ফসল। নতুন করে ভাবতে শিখলাম, এই নতুন জীবন, একদিন যাকে ভালোবেসে জন্ম দিয়েছিলাম, কী অধিকার আছে আমার একে হত্যা করার। এর জন্যই আমি বাঁচব আবার, আমাকে বাঁচতে হবে, বাঁচতেই হবে আমাকে। তুই, এখন তুই-ই আমার একমাত্র অবলম্বন, আমার জীবন, অস্তিত্ব, ভালোবাসা। তোকে নিয়েই অনাগত দিনগুলো কাটিয়ে দেব। বর্ষায় ভিজব, শরতের বিকেলে নদীর ধারে হেঁটে বেড়াব, শীতের রাতে মেলে ধরব গল্পের ঝাঁপি। তোকে দেখাব রংধনুর রং, কুয়াশা-ঢাকা ভোর, সমুদ্রের নীল। পাখির ডানার মতো আগলে রাখব ঝড় থেকে, ঝাপ্টা থেকে, হিংসা থেকে, লোলুপতা থেকে, নোংরামি থেকে। উহ্, আবারও সেই কলজে মোচড়ানো লাথি। কেন এত কষ্ট দিস আমাকে। ও, আর বুঝি থাকতে ইচ্ছে করছে না এই অন্ধ গহ্বরে। দোহাই, একটু সহ্য কর। নতুন দিনের, নতুন আলোতে, ভালোবাসার বিশ্বমিছিলের সামনের সারিতে তোকে নিয়েই যাব, আমি। শোন, রাত এই কাটল বলে...।শুভ্রা ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।ভালোবাসা দিবসের আয়োজন হিসেবে ‘ভালোবাসার অণুগল্প ’ সংখ্যায় বেশকিছু গল্প ছেপেছি আমরা। এবারে প্রকাশিত হলো পাঠকের আরও কয়েকটি ভালোবাসার অণুগল্প। —বি.স