আক্কেল সেলামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: নিয়াজ চৌধুরী
অলংকরণ: নিয়াজ চৌধুরী

আমার চেয়ে বয়সে ছোট মামাতো-খালাতো ভাইবোনের সংখ্যা চার-পাঁচজন। তাদের জাঁতাকলে পড়ে প্রতি ঈদেই আমাকে সালামি দিতে হয়। পকেটের সম্বল নামমাত্র কয়টা টাকাও ঈদে নিজের প্রয়োজনে খরচ করতে পারি না। বাচ্চাকাচ্চাদের কবল থেকে বাঁচতে বহু চেষ্টা করেছি কিন্তু তাদের প্রবল দাবি আর কৌশলের মুখে শেষমেশ সব বিফলে গেছে।
এক ঈদের দিন কয়েক আগে পত্রিকায় পড়লাম, শিশুরা খুব বেশি আগের কথা মনে রাখতে পারে না। আর তারা শেষে শোনা কথাটিই বেশি মনে রাখে। তো সালামির যন্ত্রণা থেকে পরিত্রাণ পেতে আমি এ পদ্ধতিই ব্যবহার করলাম। সারিবদ্ধভাবে দাঁড় করালাম সালামিপ্রার্থীদের। আমার ডান পকেটে এক শ টাকার দুটো নোট। আর পরিকল্পনা মোতাবেক বাঁ পকেটে কিছু ভাংতি টাকা।
সারিবদ্ধভাবে দাঁড়ানো বাচ্চাদের যথাসম্ভব আদরমাখা কণ্ঠে জিজ্ঞেস করতে থাকি, ‘সোনামণি, তুমি ডান পাশের পকেট থেকে নেবে, না বাঁ পাশের পকেট থেকে?’ স্বাভাবিকভাবে প্রথম দুজন আমার কথার শেষ অংশ আউড়িয়ে উত্তর দেয়, ‘বাঁ পকেট থেকে নেব।’ আমিও প্রফুল্লচিত্তে পাঁচ-দশ টাকার ওপর দিয়ে পার পেয়ে যাই। কিন্তু বিপত্তি বাধায় তৃতীয়জন। একই প্রশ্নের জবাবে সে ডান পকেটের টাকা চেয়ে বসে। তাকে অনুসরণ করে পরের জনও তাই। আমার তো মাথায় হাত! বিশেষজ্ঞদের ফর্মুলা তবে বিফলে গেল! শেষ সম্বল বলতে আর কিছু রইল না। তথাকথিত গবেষকদের একপ্রস্থ অভিশাপ দিয়ে বিষাদ বদনে এক শ টাকার নতুন নোট দুটো দুজনের হাতে গুঁজে দিয়ে বাধ্য হয়েই শেষজনকে বলি, ‘আগের দুজন আমাকে ঝুলিঝাড়া করে ফেলেছে। দুটি পাঁচ টাকার নোট ছাড়া আমার কাছে কিছু অবশিষ্ট নেই। তোমার জন্য অপশন একটাই। এটিই নাও। আর একটা আমার কাছে থাক।’ আমার দুরবস্থা দেখেই কিনা ও জেদ না বাড়িয়ে মিষ্টি হাসি দিয়ে টাকাটা নিয়ে ভোঁ-দৌড় দিল।
সোহেল নওরোজ
বেতাই, গান্নাবাজার, ঝিনাইদহ