আক্রান্ত পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে পুলিশের ওপর হামলা। ছবি: শহীদুল ইসলাম
রাজশাহীতে পুলিশের ওপর হামলা। ছবি: শহীদুল ইসলাম

‘হঠাৎ একটা শব্দে তাকিয়ে দেখি, দাঁড়ানো বাস থেকে দুজন লোক নেমে আসছেন। অন্য একজন বের হওয়ার চেষ্টা করছেন পেছনের জানালা দিয়ে। আমি দৌড়ে গিয়ে তাঁকে বের করার জন্য হাত বাড়ালাম। তখনই দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ল বাসে। লোকটির শরীরেও আগুন ধরে গেল। আর বের হতে পারলেন না। আশপাশের কয়েকজন দুই জার পানি আনলেন, কিন্তু কাজ হলো না।’
গত বছরের ২৪ ডিসেম্বর। বাংলামোটর মোড়ে পোড়া বাসের নামনে দাঁড়িয়ে এভাবেই বীভৎস ঘটনার বিবরণ দিচ্ছিলেন সালাউদ্দিন আহমেদ নামের এক প্রত্যক্ষদর্শী। আমরা জনা দশেক সংবাদকর্মী দাঁড়িয়ে তা শুনছিলাম।
রাতের কাজ শেষ করে উঠে যাব যাব করছি। এমন সময় খবর পেলাম মহানগরের বাংলামোটরে পুলিশ সদস্যদের বহনকারী একটি বাসে পেট্রলবোমা হামলা হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে পুলিশের একজন সদস্য ঘটনাস্থলেই মারা গেছেন। আহত হয়েছেন পুলিশের আরও এক সদস্য ও বাসের চালক। খবর পেয়েই এক দৌড়ে ঘটনাস্থলে। প্রত্যক্ষদর্শীর বিবরণ শুনে আশপাশে মানুষ কাতর হয়ে পড়েন। আর আমার ব্যস্ততা যে করেই হোক খবর ধরাতে হবে। প্রথম সংস্করণে যাতে বাদ না যায়।
গত বছরের ডিসেম্বরে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের পঞ্চম দফার অবরোধ শেষ হওয়ার সাড়ে ছয় ঘণ্টার মাথায় এ ঘটনা ঘটেছিল। মনে আছে নিহত পুলিশের নাম ফেরদৌস খলিল। অগ্নিদগ্ধ হয়েছিলেন মো. সাইদুর ও চালক বায়েজীদ। এঁদের সবাইকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছিল। কিন্তু ফেরদৌসকে বাঁচানো যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ আমাদের জানিয়েছিল, রাতে বাংলামোটর মোড়ে দাঁড়িয়ে থাকা পুলিশের রিকুইজিশন করা ওই বাসে পেট্রলবোমা ছুড়ে মারে মোটরসাইকেল আরোহী দুই যুবকের একজন। আশপাশে দায়িত্বরত পুলিশের সদস্যরা বোমা নিক্ষেপকারী যুবকদের লক্ষ্য করে গুলিও ছোড়েন। কিন্তু তারা পালিয়ে যায়।
গেল বছরে একটা সময় ছিল যখন প্রায় প্রতিদিনই পুলিশের ওপর চোরাগোপ্তা হামলা হতো। সে হামলার আহত হতেন রাস্তায় দাঁড়ানো পুলিশের অসহায় সদস্য। হামলার খবর পেয়ে আমরা ছুটে যেতাম হাসপাতালে। প্রথম দিন সে খবর ভালো করেই ছাপা হতো। পরের দিন ছাপা হতো ছোট করে। এরপর আসতে থাকে নতুন ঘটনা। আমরা হারিয়ে যাই অন্য ঘটনার আড়ালে। নতুন ঘটনার আড়ালে হারিয়ে যায় পুরোনো ঘটনা।
বাংলামোটরে নিহত পুলিশ সদস্যের কথাও সেভাবে ভুলে গিয়েছিলাম। হঠাৎ মনে পড়ে গেল, রাজারবাগে নতুন বছরে পুলিশ সপ্তাহের জমজমাট অনুষ্ঠান চলছিল। সেখানে প্রধানমন্ত্রী সাহসিকতার জন্য পুলিশ সদস্যদের পুরস্কার দিচ্ছেন। একসময় নাম এল ফেরদৌস খলিলের। তাঁকে দেওয়া হচ্ছে বাংলাদেশ পুলিশ পদক। ফেরদৌসের পক্ষে পদক নিলেন তাঁর স্ত্রী ও সন্তান। প্রধানমন্ত্রীর নিরাপত্তাবেষ্টনীর কারণে ফেরদৌসের পরিবারের কাছে যেতে পারলাম না। দূর থেকে দেখলাম, পদক হাতে নিয়ে চোখ মুছলেন তাঁর স্ত্রী, মায়ের পাশে দাঁড়িয়ে আছে শিশুসন্তানটি। মনটা খারাপ হয়ে গেল।
কামরুল হাসান: বিশেষ প্রতিনিধি