এমএ আজিজ স্টেডিয়ামের ভাগ্যাকাশের কালো মেঘ কিছুতেই যেন সরছে না। প্রথম টেস্ট জয়ের স্মৃতিবিজড়িত এই স্টেডিয়াম নিয়ে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) কর্মকর্তাদের এখনকার লড়াই আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার। কিন্তু সব আয়োজন করেও এ যাত্রায় সেটি বাধাগ্রস্ত হয়েছে বৃষ্টির কারণে। ফলে সিজেকেএস কর্মকর্তাদের আক্ষেপ রয়েই গেল।
দীর্ঘ আট বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ সৃষ্টি হয়েছিল নিউজিল্যান্ডের সঙ্গে স্বাগতিকদের চলমান সিরিজের একটি অনুশীলন ম্যাচ দিয়ে। কিন্তু বৃষ্টিতে ধুয়ে গেছে সেই আশা। ৪ অক্টোবর ম্যাচটি হওয়ার কথা ছিল।
উল্লেখ্য, ২০০৫ সালে জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট ও একদিনের ম্যাচ ছিল এই মাঠের শেষ আন্তর্জাতিক ক্রিকেট। সেই টেস্ট ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ, এটি প্রথম টেস্ট জয়ও।
স্টেডিয়ামে এবারও ক্রিকেট ফেরাতে না পারায় হতাশ হয়েছেন সিজেকেএস কর্মকর্তারা। এই একটি ম্যাচ নিয়ে তাঁদের প্রস্তুতি ও আগ্রহের কমতি ছিল না। ম্যাচটিকে তাঁরা আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিঁড়ি হিসেবেও নিয়েছিলেন।
সংস্থার নির্বাহী কমিটির সদস্য আল্লামা মোহাম্মদ ইকবাল বলেন, ‘আমরা চেয়েছিলাম ম্যাচটি ভালোভাবে করতে। কিন্তু বৃষ্টির জন্য পারলাম না। এখন নতুন করে মাঠের পানি নিষ্কাষণব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা ভাবছি।’
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা দীর্ঘদিন ধরে এই স্টেডিয়ামের আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ্যাত্ব দূর করার জন্য বিসিবিসহ নানা মহলে দেনদরবার চালিয়ে আসছিল। এর অংশ হিসেবে মাঠটিতে আধুনিক পানি ছিটানোর ব্যবস্থাও করা হয়। কিন্তু পানি নিষ্কাষণব্যবস্থা সেকেলে রয়ে গেছে। যার কারণে ভারী বৃষ্টিতে মাঠে বন্যা বয়ে যায়।
সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের চোখও আন্তর্জাতিক ক্রিকেটের দিকে। বিশেষ করে আগামী বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের অংশীদার হওয়া। তাই মাঠ সংস্কারকে তিনি গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের অনুশীলন ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমরা মাঠ সংস্কারকে গুরুত্বের সঙ্গে নিয়েছি।’
সংস্কারে মূল সমস্যা মাঠের বহুবিধ ব্যবহার। এমএ আজিজ স্টেডিয়ামটি সব ধরনের খেলার জন্য ব্যবহূত হয়ে আসছে। যদি সংস্কারের জন্য বন্ধ রাখতে হয় তাহলে ফুটবলসহ অন্যান্য খেলাগুলো হুমকির মুখে পড়বে।
এই সমস্যা থেকে উত্তরণের জন্য বিকল্প চিন্তাও করছে সিজেকেএস। ফুটবল লিগের জন্য নতুন মাঠের সন্ধান করছে তারা। আল্লাম ইকবাল বলেন, ‘আমরা ফুটবল লিগ করার জন্য নতুন মাঠ খুঁজছি। নতুন একটি ভালো মাঠ পেলে ফুটবল আয়োজন সম্ভব। যদি সেটা হয় তাহলে শিগগির মাঠ সংস্কার শুরু হবে।’