আখ চাষে বেশি লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখ চাষ করে লাভের মুখ দেখছেন খাগড়াছড়ি জেলার কৃষকেরা। এই মৌসুমে জেলার প্রায় এক হাজার হেক্টর জমিতে আখের চাষ হয়েছে। ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। ঢাকা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে এখানকার আখের চাহিদা থাকায় ভালো দামে বিক্রিও হচ্ছে। জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবার রং বিলাস, সিও-২০৮, সিও-৫২৭ সহ বিভিন্ন জাতের আখ চাষ করেছেন চাষিরা। এর মধ্যে রং বিলাস জাতটির চাহিদা থাকায় কৃষকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। খাগড়াছড়ি সদর, খবংপড়িয়া, গঞ্জপাড়া, গোলাবাড়ি, সাতভাইয়াপাড়া, মহালছড়া, ভাইবোনছড়া এলাকায় বেশ কিছু আখবাগান গড়ে উঠেছে। খাগড়াছড়ি সদর গোলাবাড়ি এলাকার আখচাষি পুং চাইন্দা মারমা বলেন, ‘এক একরের চেয়ে একটু কম জায়গায় আখের বাগান করেছি। এ বাগানে আট হাজার আখ আছে। চাষে খরচ হয়েছে ৩৫ হাজার টাকা। ৭৫ হাজার টাকায় বাগানের সব আখ চট্টগ্রামের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছি। ৪০ হাজার টাকা লাভ হবে এটা আশা করিনি।’ খাগড়াছড়ি সদরের সাতভাইয়াপাড়া এলাকার আখচাষি ধনা চাকমা বলেন, ‘বাগানে ২০৮ জাতের আখের চাষ করেছি। এই জাতের ফলন হয় বছরে দুবার। বাগানে নয় ফুট উচ্চতার ১০ হাজার আখ রয়েছে। আশা করছি আখ বিক্রি করে এবার এক লাখ ২০ হাজার টাকা পাওয়া যাবে।’ চট্টগ্রাম থেকে আসা আখ ব্যবসায়ী মো. নাছির জানান, আখ বিক্রি করে এবার বেশ লাভ হবে। তিনি আরও বলেন, ‘এ বছর খাগড়াছড়ি সদর এবং বিভিন্ন উপজেলা মিলে ৭০টি বাগানের আখ কিনেছি ৪০ লাখ টাকায়। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে এই আখ বিক্রি হবে। আশা করছি ভালো লাভ হবে।’ আখ ব্যবসায়ী মো. বাবুল এ মৌসুমে খাগড়াছড়ির ৩০টি বাগানের আখ কিনেছেন। তিনি জানান, ঢাকার কারওয়ান বাজারে এক ট্রাক আখ পরিবহনে খরচ পড়ে এক লাখ ৬০ হাজার টাকা। এক ট্রাক আখ বিক্রি করলে ৪০ থেকে ৫০ হাজার টাকা লাভ থাকে। বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট খাগড়াছড়ি শাখার বৈজ্ঞানিক কর্মকর্তা দিবাকর চাকমা জানান, যেকোনো ফসলের চেয়ে আখ চাষ লাভজনক। এ মৌসুমে খাগড়াছড়ি জেলায় এক হাজার হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। ইনস্টিটিউট চাষিদের আখ চাষে উদ্বুদ্ধ করার পাশাপাশি নতুন আখ জাত নিয়েও গবেষণা করছে। তিনি আরও জানান, এ অঞ্চলে প্রচুর তামাক চাষ হয়। তামাক চাষ নিরুৎসাহিত করতেই আখ চাষ জনপ্রিয় করে তোলার চেষ্টা করা হচ্ছে। খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুর রউফ জানান, খাগড়াছড়ি জেলার মাটি ও জলবায়ু আখ চাষের খুবই উপযোগী। তাই এ এলাকাতে বৈজ্ঞানিক পদ্ধতিতে আখ চাষ করলে অর্থনৈতিকভাবে প্রচুর লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।