আখচাষে ভাগ্যবদল খাগড়াছড়িতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শাকসবজি চাষ করে যা আয় হয়, একই জমিতে আখের চাষ করলে তিন গুণ বেশি আয় হয়। এবারও লাভ হবে ভালো।’ উচ্ছ্বাসের সঙ্গে কথাগুলো বললেন খাগড়াছড়ি সদরের প্রতিবন্দ কার্বারিপাড়ার চাষি বীরকর্ণ চাকমা (৪৫)। তিনি আট বছর ধরে আখচাষ করছেন। বীরকর্ণের মতো আখচাষিরা প্রতিবারের মতো এবারও লাভের আশা করছেন। আখচাষ পাহাড়ের অনেক চাষির ভাগ্য বদলে দিয়েছে।বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, খাগড়াছড়ি কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর খাগড়াছড়ি জেলায় আখের আবাদ হয়েছে ৮৩০ হেক্টর। গত বছর ছিল ৭২০ হেক্টর। প্রতি বছর আখচাষের প্রতি চাষিদের আগ্রহ বাড়ছে। ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের হিসাব মতে, এক হেক্টর জমিতে ৫০ হাজার চিবিয়ে খাওয়ার আখ বা ১০০ টন গুড় উৎপাদন করা সম্ভব।সরেজমিনে দেখা যায়, খাগড়াছড়িতে চিবিয়ে খাওয়ার আখের চাষ হয় বেশি। এ ধরনের আখ স্থানীয় বাজারে প্রতিটি ১২-১৮ টাকা এবং পাইকারি ৮-১০ টাকায় বিক্রি হচ্ছে। তবে এবার অতিবৃষ্টির কারণে চাষের খরচ একটু বেশি পড়ছে বলে জানান চাষিরা। ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের খাগড়াছড়ি কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা দিবাকর চাকমা জানান, ‘খাগড়াছড়ি জেলায় আট হাজার হেক্টর পতিত জমি আছে। এসব জমিতে নানা কারণে অন্য ফসলের চাষ সম্ভব হয় না। কিন্তু আখ একটি কষ্টসহিষ্ণু ফসল। তাই পতিত জমিতেও আখচাষ করে সফল হওয়া সম্ভব।’ তিনি জানান, সমতল এলাকায় সাধারণত চিবিয়ে খাওয়ার আখের চাষ হয় না। পাহাড়ে সেই আখের ফলন ভালো হয়। পার্বত্য এলাকায় চিবিয়ে খাওয়ার জন্য বিভিন্ন জাতের আখ যেমন—রংবিলাস, অমৃত, বনপাড়া গেন্ডারী, সিও-২০৮, সিও-৫২৭, চায়না, ভিয়েতনাম ও বিএমসি জাতের এবং গুড়ের জন্য ঈশ্বরদী-১৬, ২৪, ৩৩, ৩৫, ৩৬, ৩৭, ৩৮ জাতের আখের চাষ করা হয়। এ ছাড়াও আখ চাষের সাথি ফসল হিসেবে শীতকালীন শাকসবজির চাষ করা যায়। তিনি আরও বলেন, কৃষকদের আখচাষে উদ্বুদ্ধ করার জন্য বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ ও নিয়মিত মাঠ পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। তিনি আশা করেন, এ বছর খাগড়াছড়ি জেলায় ১৩ হাজার কেজি গুড় উৎপাদন হবে। যা জেলার গুড়ের চাহিদার কিছু অংশ পূরণ করবে।আখচাষি বীরকর্ণ চাকমা জানান, তিনি দুই কানি (৮০ শতক) জমিতে আখচাষ করেছেন। এ বছর অতিবৃষ্টির কারণে অন্যান্য বছরের তুলনায় বেশি সার ও ওষুধ দিতে হয়েছে। তারপরও তিনি এ বছর কমপক্ষে এক লাখ ২০ হাজার টাকা আয় করবেন বলে আশা করছেন।রবিজয়পাড়ার আখচাষি সুনীল চাকমা জানান, তিনি দেড় কানি (ষাট শতক) জায়গায় আখচাষ করেছেন। অন্যান্য বছরের তুলনায় এ বছর চাষের খরচ বাড়লেও তিনি অনেক লাভবান হয়েছেন। সমপ্রতি তিনি ৯০ হাজার টাকা দিয়ে তার আখ বিক্রি করেছেন। তাঁর খরচ হয়েছিল ৩০ হাজার টাকা।সাতভাইয়াপাড়ার রুইপ্রু মারমা জানান, তিনি সময়মত সার ও কীটনাশক প্রয়োগ করতে পারেননি। তাই তার আখের ফলন কম হয়েছে। তিনি এক কানি (চল্লিশ শতক) জায়াগায় আখচাষ করেছেন। কিছুদিন আগে এক ব্যবসায়ীর কাছে ৪০ হাজার টাকা দিয়ে সেই আখ বিক্রি করে দিয়েছেন। তাঁর খরচ হয়েছিল ১৮ হাজার টাকা।