আলী মাহমেদ। এ নামেই তিনি পরিচিত তাঁর লেখা বইয়ের পাঠকদের কাছে। তবে ইন্টারনেটের বাংলা ব্লগে তিনি পরিচিত শুভ নামেও। এ নামে দীর্ঘদিন ধরে লিখে চলেছেন বাংলা ও বাংলাদেশের জীবন, সংস্কৃতিসহ বিভিন্ন বিষয় নিয়ে। তাঁর ব্লগে আছে আমাদের মুক্তিযুদ্ধের অসংখ্য জানা-অজানা তথ্য আর আলোকচিত্র এবং ভিডিও। সম্প্রতি তিনি বাংলা ভাষায় সেরা ব্লগ লেখার জন্য পুরস্কার পেয়েছেন। জার্মান বেতার সংস্থা ডয়েচে ভেলে আয়োজিত বেস্ট ব্লগ প্রতিযোগিতায় বাংলা ভাষায় লেখা ব্লগ বিভাগে তিনি পেয়েছেন শীর্ষপুরস্কার।এর পরই আলী মাহমেদের ব্লগসাইট (www.ali-mahmed.com) দেখার হিড়িক শুরু হয়। সেই সঙ্গে উঠে আসে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নাম।আলী মাহমেদ আখাউড়া পৌর শহরের চন্দনসারের স্থায়ী বাসিন্দা। এখানে থেকেই তিনি ব্লগে লেখালেখি করে জয় করেছেন এ পুরস্কার। ডয়চে ভেলের সেরা বাংলা ব্লগের পুরস্কারটি জার্মানির বন শহরে অনুষ্ঠিত গ্লোবাল মিডিয়া ফোরাম থেকে ২৩ জুন আলী মাহমেদ গ্রহণ করেছেন। এ অনুষ্ঠানে তাঁর সঙ্গী বেশ কয়েকটি দেশের শতাধিক ব্লগার। পুরস্কার নিতে আলী মাহমেদ মঞ্চে ওঠেন কালো ফতুয়া পরে, ফতুয়ায় বুকে বাংলা বর্ণমালা, শহীদ মিনার।তিনি বলেন, ‘জয় হোক বাংলা ভাষার, জয় হোক বাংলা ব্লগের, জয় হোক বাঙালির।’বাংলা ব্লগে সেরাব্যাপারটা কিন্তু সহজ ছিল না। কারণ, এ বছরের বেস্ট অব ব্লগস (সংক্ষেপে ববস) প্রতিযোগিতায় শুধু যে ১১টি ভাষার অংশগ্রহণ ছিল, তা-ই নয়; বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জমা পড়েছিল মোট ৮ হাজার ৩০০টি ব্লগ। আর সেই বিশালসংখ্যক ব্লগ থেকে ববসের নির্বাচক দল প্রাথমিকভাবে মনোনীত করেছিল ১৮৭টি ব্লগ। তারপর সেই তালিকা থেকেই চূড়ান্ত বিজয়ীদের বাছাই করেন বিচারকেরা।আর এবারই প্রথম এ প্রতিযোগিতায় যুক্ত হয়েছিল বাংলা ব্লগ। প্রতিযোগিতার বিষয় ছিল জলবায়ু পরিবর্তন নিয়ে—‘বাংলাদেশ বাঁচলেই বিশ্ব বাঁচবে’। প্রতিযোগিতায় বাংলা ভাষার ব্লগগুলোর বিচারক সামহোয়ারইনব্লগের সৈয়দা গুলশান ফেরদৌস বলেন, ‘সাহিত্য মর্যাদা কতখানি, সাহিত্যের মান কতখানি—এসব বিবেচনার চেয়েও বড় কথা, ব্লগ একটা আলাদা জায়গা। তাই ব্যাপারটা হলো ওখানে স্থান করে নেওয়া।সেদিক থেকে আলী মাহমেদ খুব আন্তরিকতার সঙ্গে ব্লগচর্চা করেন এবং তিনি খুবই জনপ্রিয়।’