আখে বেশি লাভ, বাড়ছে চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ির কুম্ভারপাড়ায় ধানের পাশাপাশি চলছে আখ চাষও l প্রথম আলো
ফটিকছড়ির কুম্ভারপাড়ায় ধানের পাশাপাশি চলছে আখ চাষও l প্রথম আলো

ধান চাষ করে প্রায় সময় বিপাকে পড়তেন ফটিকছড়ির কুম্ভারপাড়ার কৃষক লতিফুর রহমান। ভালো ফলনের পরও দাম পাওয়া নিয়ে শঙ্কা থাকত। অনেক সময় কোনো রকমে চাষের খরচ উঠত শুধু। নিজের শ্রমের কোনো মূল্যই থাকত না। এখন তাঁর সেই শঙ্কা নেই। চার বছর ধরে এক কানি (৪০ শতক) জমিতে চাষ করছেন আখ। চাষের খরচ বাদ দিয়ে গড়ে ২০ থেকে ৩০ হাজার টাকা লাভ থাকছে। ফলে শুধু লতিফ নন, কুম্ভারপাড়ার বেশ কয়েকজন কৃষক ধানের বদলে আখ চাষ করছেন।
কুম্ভারপাড়া ছাড়াও ফটিকছড়ি উপজেলার রোসাংগিরি, সমিতির হাট, লেলাং ও দৌলতপুর ইউনিয়নেও বাড়ছে আখ চাষ।
সরেজমিনে দেখা গেছে, কুম্ভারপাড়ার প্রায় ধানখেত এখন আখের দখলে। কিছু জমিতে পরিপক্ব আখ কাটায় ব্যস্ত চাষিরা। খেত থেকেই পাইকাররা আখ বোঝাই করে নিয়ে যাচ্ছেন।
জমির পাড়ে কথা হয় চাষি মো. আরমানের সঙ্গে। তিনি বলেন, ‘এবার আখের বিপ্লব হয়েছে। আমি ৮০ শতকে চাষ করেছি। আমনে খরচ হতো ৩০ হাজার, আখে হয়েছে ২৫ হাজার টাকা। বর্তমানে ৩৫ হাজার টাকার আখ বিক্রি করেছি। খেতের সব আখ বিক্রি করে আরও অন্তত ৫০ হাজার টাকা পাওয়ার সম্ভাবনা আছে।’
আরেক চাষি মো. জেবল হোসেন বলেন, ‘আখ চাষে কিছু সমস্যা আছে। প্রথম চারা রোপণের পরপরই ছত্রাকজাতীয় রোগ ও বিভিন্ন পোকার আক্রমণ বেড়ে যায়। এ বিষয়গুলো খেয়াল রাখতে হয়। তারপরও ধানের চেয়ে ভালো।
চাষিরা জানান, প্রতি কানিতে খরচ পড়ে গড়ে ২৫ থেকে ৩০ হাজার টাকা। প্রতি কানিতে আখের সংখ্যা হয় গড়ে এক হাজার। প্রতিটি আখের বর্তমান দাম ৫০ থেকে ৭০ টাকা। অর্থাৎ, এক কানি জমির আখ বিক্রি হয় কমপক্ষে ৫০ হাজার টাকায়। যেখানে এক কানির ধান বিক্রি করে পাওয়া যেত ৩০ থেকে ৩৫ হাজার টাকা।
বিবিরহাটের ব্যবসায়ী মুহাম্মদ জাফর বলেন, ‘খেত থেকে তোলা প্রতিটি আখ অনুমান করে দরদাম করা হয়। এরপর সেই আকারের আখ আলাদা করে গাড়িতে করে বাজারে নেওয়া হয়। বড় আকারের প্রতিটি আখ খুচরায় ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি করি।’
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় ১৫ হেক্টর জমিতে আখের চাষবাদ করা হয়েছে। তবে চাষিদের হিসাবে এই পরিমাণ আরও কমপক্ষে ১০ হেক্টর বেশি।
কৃষি বিভাগের কর্মকর্তারা বলেন, আশ্বিন-কার্তিক মাসে পরিপক্ব আখ বাজারে আসতে শুরু করে। পরিপক্ব আখ তোলার পর পুনরায় সেখানে চার রোপণ করা হয়। অনেকে আখ তোলার পর সে জমিতে ররিশস্যের চাষ করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ বলেন, কৃষকেরা আখ চাষ করে লাভবান হচ্ছেন। মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা চাষিদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। তিনি বলেন, সঠিকভাবে পরিচর্যা করে পরিমাণমতো সার ও কীটনাশক প্রয়োগ করলে ফলন ভালো হয়।