আখের ফলন ভালো, বিক্রি কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিক্রির জন্য আঁটি বেঁধে আখ নিয়ে যাচ্ছেন এক কৃষক  প্রথম আলো
বিক্রির জন্য আঁটি বেঁধে আখ নিয়ে যাচ্ছেন এক কৃষক প্রথম আলো

বান্দরবানে আখের ফলন ভালো হলেও বিক্রি করতে না পারায় বিপাকে পড়েছেন চাষিরা। পার্বত্য চট্টগ্রাম ইক্ষু চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় চাষে সহযোগিতা করা হলেও এবার কেনা হচ্ছে না আখ। তা ছাড়া হরতাল-অবরোধে আসতে পারছেন না পাইকারি ব্যবসায়ীরা। ফলে অবিক্রীত থেকে যাচ্ছে আখ।

চাষিরা জানান, পরিপক্ব আখ নিয়ে তাঁরা বিপাকে পড়েছেন। নিরুপায় হয়ে এখন আখ ফেরি করে খুচরা হিসেবে বিক্রির চেষ্টা করছেন অনেকে। তবে আর কয়দিন পর বেশির ভাগ আখ পরিপক্ব হয়ে যাবে। তখনো এই অবস্থা বিরাজ করলে কী করবেন সেই দুশ্চিন্তা এখন চাষিদের মনে। কারণ গত মৌসুমে সরকারিভাবে চাষিদের আখ কেনা হয়। কিন্তু এবার তা হচ্ছে না। ফলে লোকসানের আশঙ্কা করছেন তাঁরা। সরেজমিনে কুহালংয়ের চেমি ডলুপাড়া ও চড়ুইপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, চাষিরা আখ কেটে আঁটি বেঁধে ও থুরুংয়ে (বাঁশের বেতে তৈরি এক ধরনের ঝুড়ি) ভরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন।

সেখানে কথা হয় চাষি থোয়াইক্রা অং মারমার সঙ্গে। তিনি জানান, প্রায় এক একর জমিতে অমৃতা ও চিত্রা প্রজাতির আখ চাষ করেছেন। এক একর জমিতে চাষ করতে ৭০ হাজার টাকা খরচ হলেও এ পর্যন্ত বিক্রি করে পেয়েছেন মাত্র ১০ হাজার টাকা। খুচরায় বিক্রি করে লাভ তো দূরে, মূলধনের অর্ধেকও উঠিয়ে আনা সম্ভব হবে না।
এ প্রসঙ্গে পার্বত্য চট্টগ্রাম ইক্ষু চাষ সম্প্রসারণ প্রকল্পের বান্দরবানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ক্যছেন রাখাইন বলেন, গুড় তৈরির যন্ত্রপাতি নষ্ট থাকায় এখনো পর্যন্ত সরকারিভাবে আখ কেনা হচ্ছে না। যন্ত্রপাতি মেরামত করা গেলে আখ কেনার উদ্যোগ নেওয়া হবে। তা ছাড়া আখ এখনো পরিপক্ব না হওয়ায় হরতাল-অবরোধ হলেও তেমন সমস্যা হবে না। আখ পরিপক্ব হলে চাষিদের সঙ্গে বাজারের সংযোগ ঘটানোরও চেষ্টা করা হবে।

তিনি জানান, আখ চাষে এবারও চাষিদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। ফলনও ভালো হয়েছে। চাষ বাড়ছে প্রতিবছর। এ বছর জেলার বান্দরবান সদর, রোয়াংছড়ি ও লামায় উপজেলায় ৬৮০ হেক্টর জমিতে আখ চাষ হচ্ছে। বৈজ্ঞানিক চাষ পদ্ধতি প্রয়োগ করে লাভজনক করার জন্য পার্বত্য ইক্ষু চাষ সম্প্রসারণ প্রকল্প পরীক্ষামূলকভাবে কাজ করছে।