আখের সাফল্যে খুশি কৃষক
সীতাকুণ্ড উপজেলায় এ বছর আখের উৎপাদন বেড়েছে। দুই-তিন বছর ধরে আখের দাম ভালো পাওয়ায় এবার আখচাষির সংখ্যা বেড়েছে। আগে পোকার কারণে লোকসান হলেও, সাম্প্রতিক বছরগুলোতে বিজ্ঞানসম্মত উপায়ে আখ চাষ করে সাফল্য পাচ্ছেন এখানকার কৃষকেরা।উপজেলা কৃষি কর্মকর্তা তারিক মাহমুদুল ইসলাম বলেন, আগে কৃষকেরা ভুল পদ্ধতিতে আখ চাষ করতেন, তাই পোকার আক্রমণে তাঁরা লোকসানের মুখে পড়েছিলেন। বর্তমানে বিজ্ঞানসম্মত উপায়ে চাষাবাদ করে লাভের মুখ দেখছেন তাঁরা। অন্যান্য বছরের তুলনায় এবার আখচাষির সংখ্যা ও চাষকৃত জমির পরিমাণও বেড়েছে। এ অঞ্চলের আখ মিষ্টি হওয়ায় বাজারে বিক্রিও হচ্ছে ভালো। আখচাষিরা জানান, গত বছর সেপ্টেম্বর মাসে জমিতে আখ লাগিয়েছেন তাঁরা। এ বছরের চলতি আগস্ট মাসে ফসল তোলা শুরু হয়েছে। আখ বিক্রির উপযোগী হতে বছর খানেক লেগে যায়। তবে ফলন ভালো হওয়ায় চাষের খরচ ও লাভ দুটোই উঠে আসবে বলে তাঁরা আশা করছেন।সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার বাঁশবাড়িয়া, বাড়বকুণ্ড, মুরাদপুর পৌরসভা ও বারৈয়াঢালা ইউনিয়নের অন্তত এক হাজার ২৩৫ শতক জমিতে এবার আখের চাষ হয়েছে। সময়মতো বৃষ্টি হওয়ায় আখ পুষ্টও হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, প্রায় সাড়ে ১২ একর জমিতে ৩৬ কৃষক এবার আখের চাষ করেছেন। গত বছর নয় একর জমিতে ৩৩ জন কৃষক আখ চাষ করেছিলেন। পৌরসভার ঢালিপাড়ার আখচাষি মো. শফিউল আলম বলেন, এবার তিনি ইকোপার্ক এলাকায় ২৪ শতক জমিতে আখের চাষ করেছেন। এতে প্রায় ৪৫ হাজার টাকা খরচ হয়েছে। তিনি আশা করছেন তাঁর উৎপাদিত আখ এক লাখ টাকায় বিক্রি করতে পারবেন। তিনি আরও বলেন, ‘আমরা খেত থেকে খুচরা এক জোড়া বড় আখ বিক্রি করি ৮০ টাকা থেকে ৯০ টাকায়। আর পাইকারি বিক্রি করি ১০০ আখ তিন হাজার টাকায়।সীতাকুণ্ডের ছোট কুমিরা, বড় কুমিরা, বাঁশবাড়িয়া, বাড়বকুণ্ড ও ভাটিয়ারী বাজারে এক জোড়া মাঝারি আখ ৭০ থেকে ৮০ টাকায় ও বড় আখের জোড়া বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকায়।