আগমনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাউলা বাতাস মনের কোণে হঠাৎ দিল টোকা
বনে বনে আমের মুকুল ফুটল থোকা থোকা
দূরে কোথায় উদাস সুরে চলছে বেজে বাঁশি
তপ্ত মাঠে ক্লান্ত দেহে কাজ করে যায় চাষি
খালে বিলে অল্প জলে টেংরা পুঁটি ধরা
উল্লসিত গান ধরে কেউ, কেউবা কাটে ছড়া
নীল আকাশে উড়ে বেড়ায় নানান রঙের ঘুড়ি
ঝুমুর ঝুমুর পায়ের নূপুর রিনিক ঝিনিক চুড়ি
ক্ষীর বাতাসার গন্ধ এসে ধূপের সঙ্গে মেশে
আহা কী যে খাওয়ার মজা দই মুড়ি সন্দেশে
টাকডুমাডুম বাজনা বাজে বসবে মাঠে মেলা
শিল্পীরা খুব ব্যস্ত কাজে নেইকো অবহেলা
পুরোনোকে করতে বিদায় চলছে ধোয়ামোছা
চকচকে সব জামা জুতো, ধৌত চুলের গোছা
গুলতি-ছোঁড়া দামাল ছেলের ঘুম ভেঙেছে সবে
দোয়েল চড়ুই মেতেছে কী অজানা উত্সবে
পাতার মধ্যে লুকিয়ে থেকে কোকিলটা যায় ডেকে
আকাশ কালো, ঝড় এলে কি পাখির বাসা টেকে?
প্রজাপতি বাগান জুড়ে বেড়ায় নেচে নেচে
বুঝতে পারি বাংলাদেশে বোশেখ আসিতেছে।