আগর বাগানে সমৃদ্ধির হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে শান্তিপুর অরণ্যকুটির বৌদ্ধবিহার। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এই বিহারে আছে ২০ হাজার আগর গাছের একটি বাগান। ৪০ একর জায়গাজুড়ে গড়ে তোলা এই বাগান দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে মানুষজন আসেন। আগর চাষ সম্পর্কে জানতে চান অনেকে। শান্তিপুর অরণ্যকুটিরের অধ্যক্ষ মৈত্রীলাভী শাসনারক্ষিত মহাস্থবির জানান, ১৯৯৮ সালে পানছড়ি শান্তিপুর অরণ্যকুটির কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, সৌন্দর্য বৃদ্ধি এবং ভবিষ্যতে কেন্দ্রের উন্নয়নের কথা মাথায় রেখে এখানে আগর বাগান সৃজন করা হয়েছে।শান্তিপুর অরণ্যকুটির উন্নয়ন কমিটির সভাপতি সত্য নারায়ণ চাকমা জানান, ‘২০০০ সালে রাঙামাটির লঙগদু উপজেলা থেকে আগর বীজ সংগ্রহ করি। পরে শান্তিপুর অরণ্যকুটিরে বীজ বপন করি। বর্তমানে বাগানে ২০ হাজার আগরগাছ আছে। গাছগুলোর বয়স এখন ১২ বছর।’ তিনি আরও জানান, সিলেট ও চট্টগ্রাম থেকে দুুুুুইটি কোম্পানি এসব আগরগাছ কিনতে আগ্রহ প্রকাশ করেছে। আগামী পাঁচ বছর পর এসব আগর গাছ বিক্রি করা হবে।খাগড়াছড়ি বন বিভাগের কর্মকর্তা জহুরুল আলম জানান, আগর বাগান সৃজন প্রকল্পের আওতায় পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে বাগান করা হচ্ছে। খাগড়াছড়ি জেলার বনভূমিতে প্রাকৃতিকভাবে আগর গাছ জন্মায় না। তবে ব্যক্তিগত উদ্যোগে জেলার মানিকছড়ি ও পানছড়ি উপজেলার বিভিন্ন পাহাড়ি ভূমিতে আগর বাগান গড়ে উঠছে। তিনি আরও বলেন, আগর বাগান একটি অর্থকরী বৃক্ষ। এভাবে বাগান হলে খাগড়াছড়ি অঞ্চলেও সিলেটের মতো আগরশিল্প গড়ে উঠতে পারে। আগর চাষ করে এবং আগর কাঠ ও তেল বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।খাগড়াছড়ি বন বিভাগের কর্মকর্তারা জানান, আগর একটি চিরসবুজ গাছ। এ গাছ ১৫ থেকে ৪০ মিটার পর্যন্ত উঁচু হয়। পরিপক্ব বীজ সংগ্রহ করে পানিতে ২৮ ঘণ্টা ভিজিয়ে পলিব্যাগে রোপণ করা হয়। চারার বয়স নয় থেকে ১২ মাস হলে বাগানে লাগানোর উপযুক্ত হয়। পাহাড়ি ঢালু জমিতে আগর গাছ ভালো জন্মে। জুন মাসে ফুল ফোটে এবং ফল আসে আগস্টে। সুগন্ধি আগর কাঠের চাহিদা রয়েছে বিশ্বব্যাপী। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আগর কাঠ থেকে তেল, আতর, সুগন্ধি, আগরবাতি, ওষুধ তৈরি হয়। ভালো জাতের আগর কাঠ ও তেল সারা বিশ্বে দামি পণ্য হিসেবে স্বীকৃত। বর্তমানে আন্তর্জাতিক বাজারে এক তোলা ভালো মানের আগর আতর প্রায় দুই লাখ টাকায় বিক্রি হয় বলে আগর চাষের সঙ্গে জড়িত ব্যক্তিরা জানান। পাহাড়ে পরিকল্পিত আগর চাষ বদলে দিতে পারে এ অঞ্চলের অর্থনৈতিক মানচিত্র।