কথা ছিল ভবনটি হবে চার তলা। থাকবে শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত ক্যাফেটেরিয়া, কমন রুম, ছাত্রসংসদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়। শিক্ষার্থীদের মিলনমেলা হবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্টুডেন্ট ওয়েলফেয়ার কমপ্লেক্স। কিন্তু কিছুই হলো না। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর চার বছর পেরিয়ে গেলেও এখনো ফাউন্ডেশন পর্যায়েই থেমে আছে ভবনটির নির্মাণকাজ। কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা এ কমপ্লেক্সের ফাউন্ডেশন এখন আগাছার নিচে ঢাকা পড়ে আছে।জানা যায়, ২০০৭ সালের মার্চে স্টুডেন্ট ওয়েলফেয়ার কমপেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের আওতায় প্রথম ধাপে এই কমপ্লেক্সটির জন্য এক কোটি ১০ লাখ টাকা বরাদ্দ ছিল। বরাদ্দের এই টাকা দিয়ে শুধু ভিত্তিটাই গড়ে উঠেছে। এরপর কাজ আর এগোয়নি।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী অচিন্ত্য কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘ক্যাফেটেরিয়া নির্মাণের জন্য বাজেট থাকায় তখন এটির নির্মাণকাজ শুরু হয়েছিল। কিন্তু বাজেটটি স্থগিত হয়ে যাওয়ায় নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। রডগুলো যাতে নষ্ট না হয় তার জন্য এগুলোতে রং করা হয়।’সরেজমিনে গিয়ে দেখা যায়, বছরের পর বছর কাজ বন্ধ থাকায় কমপ্লেক্সের পুরো ভিত্তিটাই এখন আগাছার নিচে। রডগুলোতে মরিচা ধরেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য রডগুলো ব্যবহার-উপযোগী রাখার জন্য মরিচারোধক কোটিং ব্যবহার করছে। তবে শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে শিক্ষার্থীদের মিলনকেন্দ্র এ ভবনের নির্মাণকাজ শুরু হোক।এ বিষয়ে পুরকৌশল বিভাগের চতুর্থ বষের্র শিক্ষার্থী সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বড় ভাইদের কাছে শুনেছি, ক্যাফেটেরিয়ার নির্মাণকাজ শুরুর দিকে খুবই দ্রুতগতিতে কাজ চলছিল। এমনকি রাতের বেলা হারিকেন ধরিয়েও কাজ করা হয়েছে। কিন্তু ফাউন্ডেশন পর্যন্ত সম্পন্ন হওয়ার পর হঠাৎ করেই এর নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।’ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কমপ্লেক্সটিতে শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত ক্যাফেটেরিয়া, কমন রুম, ছাত্রসংসদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় থাকার কথা। কিন্তু এর নির্মাণকাজ বন্ধ থাকায় হতাশ হয়ে পড়েছেন সবাই। কেউ জানেন না কখন আবার শুরু হবে। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে চুয়েটের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস বলেন, ‘যে প্রকল্পের আওতায় এ কাজ শুরু হয়েছিল তার মেয়াদ শেষ হয়ে গেছে। এ কারণে ওই প্রকল্পের অধীনে অন্যান্য কাজ এগিয়ে নেওয়া যাচ্ছে না। তা ছাড়া এসব কাজের জন্য বরাদ্দ দেওয়া বাজেটও শেষ। নতুন বাজেট না আসা পর্যন্ত পুনরায় কাজ শুরু করা সম্ভব নয়। আশা করছি সরকারের কাছ থেকে এ ব্যাপারে দ্রুত সাড়া পাব।’