আগাম তরমুজের বাম্পার ফলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার বিভিন্ন স্থানে আগাম তরমুজ চাষে বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে খেত থেকে তরমুজ তুলে বিক্রি শুরু করেছেন চাষিরা। স্থানীয় বাজারের পাশাপাশি কক্সবাজার ও চট্টগ্রামেও যাচ্ছে এসব তরমুজ। ভালো দাম পাওয়ায় চাষিরাও খুশি।

গত বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা গেছে, বড় মহেশখালীর মুন্সির ডেইলের পাহাড়তলী ও হোয়ানক ইউনিয়নের পানিরছড়ার কালাবন্যা এলাকায় পাহাড়ের পাদদেশে বড় অংশজুড়ে তরমুজ খেত। সেখানে খেত থেকে চাষি নজরুল ইসলাম ও সিরাজুল ইসলাম তরমুজ তুলছেন। তোলা তরমুজ খেতের এক পাশে স্তূপ করে রাখা হয়েছে।

সিরাজুল ইসলাম বলেন, প্রায় তিন মাস আগে পাহাড়ের পাদদেশে পাঁচ একর জমিতে আগাম তরমুজ চাষ করি। পরে খেতে পরিচর্যা করার পাশাপাশি নিয়মমতো সার দেওয়ায় এবার তরমুজ চাষে বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে খেত থেকে প্রায় দুই লাখ টাকার তরমুজ বিক্রি করেছি।

নজরুল ইসলাম বলেন, আগাম তরমুজের দাম ভালো, লাভও বেশি। এ জন্য একজনের দেখাদেখি অন্যজন এগিয়ে আসছে চাষে।

চাষিরা জানান, প্রতি হেক্টর (২ দশমিক ৫ একর) জমিতে তরমুজ চাষে খরচ পড়ে প্রায় তিন লাখ টাকা। আবহাওয়া অনকূলে থেকে ফলন ভালো হলে তরমুজ বিক্রি করে এক লাখ টাকার বেশি লাভ হয়। প্রতি সপ্তাহে এক কিংবা দুই বার তরমুজ তোলা হয়। অনেক পাইকারি খেত থেকেই তরমুজ কিনে নিয়ে যান। অনেকে সদরে নিয়ে বিক্রি করছেন।

গোরকঘাটা বাজারের ব্যবসায়ী নুরুল আলম ও আলা উদ্দিন জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর তরমুজের ফলন ভালো হয়েছে। চাষিদের কাছ থেকে পাইকারি দরে গড়ে ১২০ টাকা করে তরমুজ কিনে মহেশখালী উপজেলা বিভিন্ন এলাকাসহ কক্সবাজার ও চট্টগ্রামে নিয়ে গিয়ে বিক্রি করেন তাঁরা। তবে হরতাল-অবরোধের কারণে পরিবহনে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানতে চাইলে মহেশখালী উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল বাহারাইন বলেন, চলতি বছরে উপজেলার কুতুবজোম, বড় মহেশখালী, ছোট মহেশখালী ও হোয়ানক ইউনিয়নের প্রায় ১৭৫ হেক্টর জমিতে তরমুজ চাষ হচ্ছে। তার মধ্যে বড় মহেশখালী ইউনিয়নের পাহাড়ের পাদদেশে ২০ হেক্টর জমিতে আগাম তরমুজ চাষে বাম্পার ফলন হয়েছে।