আগাম ধানে আগাম খুশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া উপজেলার পোমরা তালুকদারপাড়া গ্রামের কৃষক নুর মোহাম্মদ পরীক্ষামূলকভাবে ৩০ শতক জমিতে আগাম জাতের ধান ‘আইআর-৬৪’ লাগান জুলাইয়ের মাঝামাঝি সময়ে। তিন মাসেই তাঁর জমির ধান পেকে গেছে। ধান উৎপাদন হয়েছে ১৪০ আড়ি (৫৬ মণ)। গত ১৮ অক্টোবর ফসল ঘরে তোলেন তিনি। আগাম ফসল ঘরে তুলে বেজায় খুশি নুর মোহাম্মদ। অথচ একই সময়ে যাঁরা ভিন্ন জাতের ধান লাগিয়েছেন তাঁদের ধানে সবেমাত্র শিষ (থোড়) বের হচ্ছে। অন্যদিকে পারুয়া ইউনিয়নের হাজারী বিলের কৃষক পরিমল দাশ তাঁর ২০ শতক জমিতে লাগান ‘বিনা-৭’ জাতের ধান। নির্দিষ্ট সময়ে তাঁর ফসলও ঘরে উঠেছে। ধান পেয়েছেন ৭৬ আড়ি (৩০ মণ)। কম সময়ে ভালো ফলনের ধান ঘরে তুলতে পেরে তিনিও উচ্ছ্বসিত। কৃষকেরা জানান, পোমরা ও পারুয়া ইউনিয়নের বিভিন্ন বিলে আগাম জাতের ‘আইআর-৬৪ ও বিনা-৭’ ধান চাষাবাদে সাফল্য পেয়েছেন কৃষকেরা। চলতি আমন মৌসুমে চাষাবাদ করা অন্য যেকোনো জাতের ধানের চেয়ে এ দুই জাতের ধানে উৎপাদন হয়েছে বেশি। চাষাবাদে উৎপাদন যেমন বেড়েছে, তেমনি স্বল্প সময়ে ফসল ঘরে তোলায় এখন ওই জমিতে শাকসবজি আবাদ করা যাবে। উপজেলা কৃষি উপসহকারী আবদুল খালেক জানান, উপজেলার পোমরা ও পারুয়া ইউনিয়নের ১৯০ জন কৃষক বিভিন্ন বিলে আগাম জাতের আইআর-৬৪ ও বিনা-৭ জাতের ধান চাষ করেন। বেসরকারি সংস্থা রংপুর-দিনাজপুর রুরাল সার্ভিসেস (আরডিআরএস) কৃষকদের দিয়ে এ ধান চাষাবাদ করান। আরডিআরএসের রাঙ্গুনিয়া উপজেলার মাঠ সমন্বয়কারী তাজউদ্দিন আহমেদ বলেন, রাঙ্গুনিয়া উপজেলার সব কয়টি বিলে কৃষকেরা সাধারণত ব্রি জাতের ধান চাষাবাদ করেন। যা থেকে ৮০-৯০ আড়ির (৩২-৩৬ মণ) বেশি ধান উৎপাদন হয় না। ফলে খাদ্য উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আরডিআরএস আগাম জাতের ধান চাষাবাদের উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে বিনা মূল্যে আগাম জাতের আইআর-৬৪ ও বিনা-৭ ধানের বীজ বিতরণ, সারসহ যাবতীয় খরচ বহন করে এ ধান চাষাবাদ করানো হয়। আর স্বল্প সময়ে ধান ঘরে তুলতে পারায় কৃষকেরা খুব খুশি।তিনি জানান, যাঁরা অন্য জাতের ধান চাষ করেছেন তাঁদের ধান ঘরে তুলতে আরও ৫০ থেকে ৫৫ দিন সময় লাগবে। আর এ সময়ে আগাম জাতের ধানচাষিদের আবার জমি তৈরি করে শাকসবজি লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে লালশাকের চাষ করলে মাত্র ২০ দিনে ওই শাক বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব। ৪০ থেকে ৫০ দিনের মধ্যেও অনেক জাতের সবজিও চাষাবাদ করা যায়। এরপর আবার আগাম জাতের বোরো ধান চাষাবাদের উদ্যোগ নেওয়া হবে। এভাবে দুই ফসলি জমি তিন ফসলিতে, তিন ফসলি জমি চার ফসলিতে পরিণত করা সম্ভব হবে। পোমরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুল কবির বলেন, আইআর-৬৪ ও বিনা-৭ জাতের ধান চাষ করে কৃষকেরা ব্যাপক সাফল্য পেয়েছেন। পোমরা ও পারুয়া ইউনিয়নের বিলের অন্য কৃষকেরাও এসব ধানের ফলন দেখে আশায় বুক বাঁধছে। অনেক কৃষক এখন আগাম জাতের ধান চাষাবাদে আগ্রহী হয়ে উঠেছেন। আগাম জাতের ধান চাষাবাদের সাফল্যের সংবাদটি কৃষকদের কাছে পৌঁছে দিতে আরডিআরএস পোমরা ও পারুয়া ইউনিয়নে কয়েকটি সমাবেশের আয়োজন করে। এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, ক্রমবর্ধমান লোকসংখ্যার খাদ্যচাহিদা মেটাতে ফসল উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। খাদ্য নিরাপত্তা গড়ে তোলার জন্য বেসরকারি সংস্থা আরডিআরএস কৃষকদের বীজ, সার, কৃষি উপকরণ ও আর্থিক সহায়তা দিয়ে খাদ্য উৎপাদনের যে চেষ্টা চালিয়ে যাচ্ছে তা প্রশংসনীয়।