আগাম প্রতিদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিখতে বসেই বিদ্যুৎ চলে গেল। মনে একটা প্রশ্ন জাগল, নারী অবমাননা আর লোডশেডিংয়ের মধ্যে মিল কী? উত্তরটাও নিজে ভেবে বের করলাম, দুটোই জাতিগত অন্ধকার প্রকাশ করে।
মোম জ্বালিয়ে আবার লিখতে শুরু করলাম। দারুণ সাহসী এক তরুণীর গল্প। যে মুখ বুজে তার সঙ্গে করা কোনো অন্যায় সইতে পারে না। নাম তার টিনা।
বখাটে এক ছেলে রাস্তা দিয়ে টিনাকে হেঁটে যেতে দেখে বলল, ‘আমার এই ভাঙা মনের সাথে প্রেম করবা নাকি আমার মন ভাঙা পর্যন্ত প্রেম করবা?’
টিনা চোখ লাল করে বলল, ‘তুই আমার ভাঙা স্যান্ডেলের মাইর খাবি নাকি স্যান্ডেল ভাঙা পর্যন্ত মাইর খাবি?’
ছেলেটি আশপাশে তাকিয়ে দেখল, কেউ আছে কি না। না, নেই! ভাবল, যাক এবারের মতো মানসম্মান অন্তত টিকে গেছে। তারপর সবচেয়ে কাছের একটা গলিতে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিতে বাধ্য হলো ছেলেটি। টিনা মাথাটা একটুখানি ঠান্ডা করে, ৭ নম্বর বাসে গিয়ে উঠল। উদ্দেশ্য অফিসে যাওয়া। বাসে মধ্যবয়সী যে লোকটির পাশে গিয়ে বসেছে, সে তার নতুন অফিসেরই এক কলিগ। অবশ্য কোনো দিন কথা হয়নি। তার দুটি হাত, দুটি পা, দুটি চোখ আর আছে দুটি কান। প্রথম দেখায় তাকে মানুষ বলেই মনে হয়েছিল টিনার। লোকটি আহ্লাদে গদগদ হয়ে কাছাকাছি আসার চেষ্টা করতে করতে বলল, ‘আপনি না দেখতে খুব সুন্দর!’
টিনা বলল, ‘ধন্যবাদ।’
লোকটি এবার আরেক ধাপ কাছে আসার চেষ্টা করল, ‘ইশ্! আপনার আর আমার মাঝে যদি একটা কিছু থাকত…’
টিনা বলল, ‘হু, আমিও তাই ভাবছি।’
লোকটি গদগদ হয়ে সুই পরিমাণ দূরত্বে এসে বলল, ‘কী থাকার কথা ভাবছেন, বলুন তো?’
টিনা বলল, ‘একটা দেয়াল।’ বলে উঠে চলে গেল অন্য একটা সিটে।
আরেক দিন ওই লোকটিই অফিস থেকে যাওয়ার সময় বাসে উঠেই বলল, ‘আপনার পাশের সিটটা কি খালি?’
টিনা বলল, ‘জি খালি, আর আপনি এখানে বসলে আমারটাও খালি হয়ে যাবে।’
টিনা অফিসে ঢুকতেই শুনল, তাকে নাকি বস ডেকেছেন। মুডটাই খারাপ হয়ে গেল। টিনার ওই বস প্রায়ই বাইরে কোথাও খাওয়ার অফার দেন। টিনা প্রস্তাব করে সবাইকে নিয়ে একসঙ্গে খেতে। তাতে তার বস সায় দেন না। ফলে তার সঙ্গে বসের সম্পর্ক ভালো যাচ্ছে না। বস আজও তাকে একই অফার করলেন, টিনা কাজের অজুহাত দেখাল। বস কিঞ্চিত রাগলেও প্রসঙ্গ বদলের জন্য বললেন, ‘আচ্ছা টিনা, আপনার স্বামী কেন আপনার মতো একজন সুন্দরী স্ত্রীকে চাকরি করার অনুমতি দিলেন? আমি তো আমার স্ত্রীকে দিতামই না!’
টিনার জবাব, ‘কারণ, আমার স্বামী মানসিকভাবে সুস্থ।’
বসের মুখ অন্ধকার হয়ে গেল। টিনা হনহন করে হেঁটে চলে গেল নিজের কাজে। কাজ শেষ করে টিনা বেরিয়ে গেল অফিস ছেড়ে, সেই বাস, সেই রাস্তা, অতঃপর বাড়ি। বাসায় গিয়ে শুনল আরেক কাহিনি। পাড়ার মেয়েদের সঙ্গে অশালীন আচরণ করতে গিয়ে একই পাড়ার এক ছেলে নাকি গণধোলাই খেয়েছে। সঙ্গে ফ্রি উপহার হিসেবে পেয়েছে হাত আর পায়ের মারাত্মক ফ্র্যাকচার। ওই বখাটের সুচিকিৎসার জন্য নাকি তার বাকি বখাটে বন্ধুরা বাড়ি বাড়ি গিয়ে চাঁদাও তুলছে! টিনাদের বাসায়ও এল সন্ধ্যার দিকে। ওরা আসতেই রাগে ফুঁসতে ফুঁসতে টিনা ১০০ টাকার একটা নোট এগিয়ে দিল। বখাটেদের একজন বলল, ‘এত দরকার নেই। আপনি দেখতে অনেক সুন্দর। আপনার জন্য ১০ টাকা। হে হে হে!’
টিনা বলল, ‘নিয়ে রাখো, পরের নয়জনের জন্য আগাম দিলাম।’