
খাঁচাভর্তি হলুদ রঙের পাকা আম আর রসাল লিচু। পাশে কাঁঠাল ও আনারসের স্তূপ। আগেভাগে বাজারে আসা এই ফলগুলোর কদরও বেশ। আছে তরমুজ, বাঙ্গি ও বেল। বৈশাখের শুরুতেই রকমারি মৌসুমি ফলে ম-ম গন্ধে ভরপুর কক্সবাজার জেলার টেকনাফের হাটবাজার।
চাষিরা বলেন, এবার উৎপাদিত ফলের ভালো দাম পাচ্ছেন তাঁরা। প্রাকৃতিক বিপর্যয় না হওয়ায় আম, লিচু ও কাঁঠালের ফলন আশাতীত ভালো হয়েছে।
গত শুক্রবার বাসস্টেশন এলাকায় দেখা গেছে, উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা রকমারি ফলের সমাহার। তবে নজর কাড়ছে আগেভাগে আসা আম, লিচু ও কাঁঠাল। পাইকাররা অনেকে খুচরা বিক্রেতা ও চাষিদের কাছ থেকে ফল কিনে গাড়িবোঝাই করছেন ঢাকা ও চট্টগ্রামে সরবরাহের জন্য।
চাষি ও বিক্রেতারা বলেন, পাকা আম প্রতি কেজি ১৫০-২০০, কাঁচা আম ১০০-১২০, কাঁঠাল প্রতিটি ১৫০-২৫০, লিচু প্রতি শ ২০০-২৫০, তরমুজ ৫০-১৫০, আনারস জোড়া ১৬০, বাঙ্গি ১০০-১৮০ ও বেল প্রতি জোড়া ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে কথা হয় লিচু ব্যবসায়ী নুরুল আমিনের সঙ্গে। তিনি বলেন, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রতি শ লিচু গড়ে ১০০ টাকায় সংগ্রহ করে তিনি ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি করছেন।
বাহারছড়ার কচ্ছপিয়ার তরমুজচাষি আবদুর রহমান বলেন, গত বছর যে তরমুজ ৩০-৬০ টাকায় বিক্রি করেছেন সেই তরমুজ এবার বিক্রি হচ্ছে ৫০-১৫০ টাকায়। বাজারে তরমুজ আসার পর থেকে প্রচণ্ড গরম বাড়ায় চাহিদাও প্রচুর।
টেকনাফ সদর ইউনিয়নের পল্লানপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলম বলেন, ‘বাড়ির আঙিনার ১৭টি আম গাছে প্রচুর ফলন হয়েছে। সেখান থেকে পাঁচটি গাছের কাঁচা আম বিক্রি করে দেড় লাখ টাকার বেশি পেয়েছি। বাকি ১২টি গাছে পাকা আম বিক্রি করছি তিন সপ্তাহ ধরে। সেখান থেকে এ পর্যন্ত প্রায় ৫৬ হাজার টাকা পেয়েছি।’
হোয়াইক্যং লম্বাঘোনার আনারসচাষি স্বপন চাকমা (৩৮) ও মংটিলা চাকমা (৩৫) বলেন, তাঁরা এবার পরীক্ষামূলকভাবে পাহাড়ের পাদদেশের পতিত জমিতে আনারসের চাষ করেছেন। ফলনও হয়েছে প্রচুর, দামও পাওয়া যাচ্ছে ভালো। তাই আগামী বছর আরও বেশি জমিতে আনারস চাষ করার আশা করেছেন।
পাইকারি বিক্রেতারা জানান, বাজারে এখন পাকা আম, আনারস ও কাঁঠালের কদর বেশ। প্রতিদিন এখান থেকে ১০ থেকে ১৫টি ট্রাকে বোঝাই ফল কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে।
ঢাকার কারওরান বাজার ও চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারের পাইকারি ব্যবসায়ী মোহাম্মদ খালেদ ও রিয়াজ উদ্দিন বলেন, ‘এ বছর মৌসুমের শুরু থেকে টেকনাফ থেকেই আম, কাঁঠাল, তরমুজ ও লিচুর ব্যবসা করছি। ফলের মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগেই বাজারে এসব ফলের সমাহার। এ রকম আগাম ফল আর কোথাও পাওয়া যায় না। এখান থেকে ফল কিনে ঢাকা ও চট্টগ্রামে নিয়ে দ্বিগুণ লাভে বিক্রি করছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে টেকনাফে বিভিন্ন জাতের ফলের ফলন ভালো হয়েছে। আম, কাঁঠাল, আনারস, তরমুজ, বাঙ্গি ও লিচু প্রতিদিন বিভিন্ন ধরনের যানবাহনে করে দেশের বিভিন্ন জেলা সদরে সরবরাহ করা হচ্ছে। দাম ভালো থাকায় চাষিরা লাভবান হচ্ছেন।