আগাম ফলের ম-ম গন্ধ

আগাম ফলে ভরে গেছে রাঙামাটি শহরের হাটবাজার। বিভিন্ন উপজেলা থেকে এসব পাকা ফল আসছে প্রতিদিন। আনারস আর তরমুজ বেশ কিছু দিন আগেই এসেছে। এখন আসতে শুরু করেছে কাঁঠাল। তবে চাহিদা বেশি হওয়ায় দামও চড়া। এরপরও পাইকারি ব্যবসায়ীরা ফল কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন স্থানে।
কৃষকেরা জানান, এখন তরমুজের মৌসুম হলেও কাঁঠাল ও আনারস আগাম ফল। সাধারণত কাঁঠাল পাকা শুরু করে জুন থেকে আর আনারস পাকে আগস্ট মাসে। এ দুই ফল এখন আগাম পাওয়া যাচ্ছে রাঙামাটির হাটবাজারগুলোতে। কাঁঠাল প্রতিটি আকারভেদে ১০০ থেকে ২২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আনারসের দাম প্রতি জোড়া ২০ থেকে ৪০ টাকা। অন্যদিকে তরমুজের দাম ৬০ থেকে ৩০০ টাকা পর্যন্ত।
জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্র জানায়, এ বছর জেলায় ৪৯৮ একরে তরমুজ, ১০ হাজার ৪৪৫ একরে কাঁঠাল ও চার হাজার ৯৮০ একরে আনারসের চাষ হয়েছে। এর মধ্যে আনারসের দুই হাজার ও কাঁঠালের প্রায় সাড়ে তিন হাজার একরে আগাম ফলন এসেছে।
সরেজমিনে দেখা গেছে, বনরূপা বাজার, তবলছড়ি, কলেজ গেট ও কল্যাণপুর বাজারে প্রতিদিন আগাম ফলের পসরা নিয়ে বসছেন কৃষকেরা। দাম চড়া হলেও সাধারণ ক্রেতা ও পাইকাররা ভিড় করছেন বাজারে। এদিকে শহরের ভাসমান হাট সমতা ঘাটেও ক্রেতা-বিক্রেতার ভিড় দেখা যায়।
বনরূপা বাজারে কথা হয় সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের পুদিহালী গ্রামের কাঁঠালচাষি বিনয় রতন চাকমার সঙ্গে। তিনি বলেন, ‘আমার বাগানে ২০০ কাঁঠালগাছের ৫০টিতে আগাম ফলন হয়েছে। ইতিমধ্যে কাঁঠাল পাকা শুরু হয়েছে। বাজারে ৫০টি পাকা কাঁঠাল এনেছি। আকার ভেদে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি করেছি।’
পাইকারি ব্যবসায়ী মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা ছোট-বড় কাঁঠাল ১০০ থেকে ২০০, তরমুজ ৫০ থেকে ৩০০ এবং আনারস প্রতি জোড়া ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত কিনছি।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রমনী কান্তি চাকমা বলেন, ‘রাঙামাটিতে কৃষিবিপ্লব ঘটছে। গত কয়েক বছর ধরে আনারস ও কাঁঠালের আগাম ফলন হওয়ায় চাষিরা লাভবান হচ্ছেন। এ বছরও আগাম আনারস ও কাঁঠালের ফলন বেশি হয়েছে।’