আগাম বলে পুরস্কার!
ক্রিকেটপাগল সুসান। বিকেল হলেই ব্যাট-বল নিয়ে নেমে পড়ে মাঠে। এ জন্য প্রতিদিনই মায়ের বকাবকি শুনতে হয় তার। কিন্তু বিশ্বকাপ ক্রিকেট ২০১১ শুরু হতেই মাঠ ছেড়ে ঘরে বসেই উপভোগ করছে মাঠে খেলার মজা। এই পুরো কৃতিত্বের দাবিদার অনলাইন ক্রিকেট কুইজ শো ‘ক্রিক পল’-এর। ২০১০ ফুটবল বিশ্বকাপে ব্যাপক জনপ্রিয় হয়েছিল অক্টোপাস পল। খেলার ফলাফল নিয়ে আগে থেকেই ভবিষ্যদ্বাণী করা এই অক্টোপাস পল এবার হাজির হয়েছে ক্রিকেট বিশ্বকাপেও। ক্রিকপল ওয়েবসাইটের উদ্যোগটি প্রথম আলো এবং কিউবি বাংলাদেশ লিমিটেডের। কারিগরি ব্যবস্থাপনা করছে পাই ল্যাবস লিমিটেড। টেলি অংশীদার হিসেবে আছে‘টেলিটক’। ‘মানুষ সব সময়ই আগাম বলতে ভালোবাসে। যদি তা ঠিক হয় তবে তার উত্তেজনা আরও বেড়ে যায়। ক্রিকেট খেলার প্রতি তা যেন একটু বেশিই। বিশেষ করে সময়টা যদি হয় বিশ্বকাপ। বিশ্বকাপের জন্য নতুন কিছু করার পরিকল্পনা থেকেই আসলে ক্রিকপলের সঙ্গে জড়িত হওয়া। আর ক্রিকপল খেলার জন্যই মানুষের মধ্যে বিশ্বকাপ উন্মাদনা বাড়ছে। মানুষ প্রতিটি ম্যাচ দেখছে। বুদ্ধি খাটিয়ে করছে ভবিষ্যদ্বাণী। ফলে মানুষের বুদ্ধিচর্চার পাশাপাশি আনন্দ উপভোগও সম্ভব হচ্ছে।’ ভবিষ্যতে ক্রিকপলকে নিয়ে আরও বিশেষ কিছু করার ইচ্ছার কথা জানাতে গিয়ে নিজের অনুভূতি এভাবেই ব্যক্ত করলেন পাই ল্যাবসের চেয়ারম্যান মাহমুদুল হাসান।ক্রিকপলে প্রতিটি ম্যাচেই নানা রকম প্রশ্নের আগাম উত্তর দিতে হয়। উত্তর মিলে গেলে পাওয়া যায় পুরস্কার।ক্রিকপলে অংশ নিতে চাইলে প্রথমেই www.cricpaul.com ঠিকানার ওয়েবসাইটে যেতে হবে।খেলা শুরু করার আগে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। এবার খেলার পালা শুরু। ওয়েবসাইটে ঢুকে ‘browse quiz’ অপশন থেকে বেছে নিতে হবে কোন ধরনের কুইজটি খেলতে চান। এখান থেকে লাইভ কুইজ, টুর্নামেন্ট এবং ম্যাচ কুইজের যেকোনো একটিকে বেছে নিয়ে অবতীর্ণ হতে পারেন পলের ভূমিকায়। টুর্নামেন্ট কুইজ যেকোনো সময়ই খেলা যাবে।ম্যাচ কুইজ ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে বন্ধ করে দেওয়া হয়। তবে কিছু বিশেষ ক্ষেত্রে কর্তৃপক্ষ তা আরও কিছু সময়ের জন্য খোলা রাখতে পারে। ‘লাইভ কুইজ’ কখন বন্ধ হবে তা নির্ভর করে ম্যাচের অবস্থার ওপর। প্রতিটি কুইজের জন্যই বিভিন্ন পয়েন্টের ব্যবস্থা রয়েছে। সঠিক উত্তর দিয়ে আপনাকে সে পয়েন্ট পেতে হবে। আর এভাবে পয়েন্ট পেতে থাকলে আপনি জয়ী হবেন এবং সঙ্গে সঙ্গে আপনার মোবাইল ফোনে নির্দিষ্ট টাকা পৌঁছে যাবে (ইন্সট্যান্ট রিফিল)। এ ছাড়া ম্যাচ কুইজের সর্বাধিক পয়েন্ট পাওয়ার জন্য ‘পল অব দ্য ম্যাচ’ এবং টুর্নামেন্ট কুইজের জন্য ‘পল অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কারের ব্যবস্থাও রয়েছে। এ ছাড়া ম্যাচপ্রতি প্রথম পুরস্কার ৩০০০ টাকা মোবাইল ইন্সট্যান্ট রিফিলসহ মোট নয়টি পুরস্কারের ব্যবস্থা আছে এই ‘ক্রিকপল’ অনলাইন ক্রিকেট কুইজ শোতে।কিউবি বাংলাদেশ লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা নেহাল আহমেদ মনে করেন, তরুণ প্রজন্মের কাছে এই অনলাইন কুইজ একটি ভিন্ন মাত্রা এনে দেবে। এই ধরনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ ভবিষ্যতে আরও কাজ করতে উৎসাহ প্রদান করবে। তিনি আরও বলেন, ক্রিকপল এমন একটি ওয়েবসাইট যেটিতে মাত্র ১৫ দিনে প্রায় দুই লাখ দর্শনার্থী পরিদর্শন করে। যা এখনো বেড়েই চলছে। দেশের মাটিতে অনুষ্ঠিত বলে ক্রিকেট বিশ্বকাপ ২০১১ নিয়ে উন্মাদনা একটু বেশিই।