আগাম বৃষ্টিতে জলাবদ্ধতা অসম্পূর্ণ কাজে জনদুর্ভোগ
চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের জলাবদ্ধতা নিরসনে খাল-নালা খনন ও সংস্কারের লক্ষ্যে ১৬ কোটি টাকার প্রকল্প নেয়। পাশাপাশি কিছু সড়ক উঁচু করার কাজও শুরু করে। অভিযোগ রয়েছে, দাপ্তরিক কাজের পর উন্নয়নকাজ শুরু করতে নির্দিষ্ট সময় পেরিয়ে যায়। এতে বর্ষার শুরুতে এসব কাজ নগরবাসীর দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। এসব কাজ কখন শেষ হবে, তা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলতে পারছেন না। সিটি করপোরেশনের জলাবদ্ধতা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা খোঁজ নিয়ে এবং বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখেছি, মূল খালে পানির প্রবাহ মোটামুটি ভালো ছিল। কিন্তু রাস্তার দুই পাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অনেক জায়গায় বৃষ্টির পানিতে সড়ক ডুবে যায়।’ বিজয় কুমার আরও বলেন, বর্ষা মৌসুমে পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি আনতে প্রতি ওয়ার্ডে আরও ২০ জন করে লোক নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। এ প্রস্তাব সাধারণ সভায় অনুমোদনের অপেক্ষায় আছে। খোঁজ নিয়ে জানা যায়, কয়েকটি বিশেষ কারণে চট্টগ্রাম শহরে জলাবদ্ধতার পাশাপাশি জনদুর্ভোগ বেড়েছে। প্রথমত, যেসব খাল থেকে মাটি তোলা হয়েছে, সে মাটি রাখা হয়েছে খালের পাড়েই। দরপত্রে ওই মাটি অন্য জায়গায় সরানোর বাধ্যবাধকতার কথা উল্লেখ ছিল। সরেজমিনে গিয়ে দেখা যায়, ঠিকাদারেরা মাটি না সরিয়ে খালপাড়েই রেখে দিয়েছেন। এতে রাস্তার পানি যেসব ছিদ্র দিয়ে খালে যায়, সেগুলো বন্ধ হয়ে গেছে। অন্যদিকে, বৃষ্টির পানিতে কিছু মাটি আবার খালে গিয়ে পড়ে। বাকি মাটি রাস্তায় কাদায় পরিণত হয়েছে। চকবাজার ধুপিনির পুল, ঘাসিয়াপাড়া, চান্দগাঁও, বহদ্দারহাট, আতুরার ডিপোসহ বিভিন্ন এলাকায় খালের মাটি সড়কে পড়ে আছে দীর্ঘদিন।আতুরার ডিপো এলাকার ব্যবসায়ী জসিম উদ্দিন ক্ষোভের সঙ্গে বলেন, এক মাসেরও বেশি সময় ধরে খালের মাটি তুলে রাস্তার ওপর ফেলে রাখা হয়েছে। এসব মাটি না সরানোয় জনগণের দুর্ভোগ হচ্ছে। তিনি দুঃখ করে বলেন, ‘আমাদের দুর্ভাগ্য, যেসব নেতা অতি তৎপর, তাঁরা অসৎ। আর যাঁরা সৎ, তাঁদের কোনো তৎপরতা নেই।’ ঘাসিয়াপাড়ার বাসিন্দা শিক্ষক জয়নাল আবেদীন জানান, ‘এসব কাজ আরও আগে শুরু করা দরকার ছিল। কাজ শুরু হতে হতে বৃষ্টিবাদলের দিন এসে গেল, এ কাজের সুফল নিয়ে তাই আমরা শঙ্কিত।’ জলাবদ্ধতা স্ট্যান্ডিং কমিটির সভাপতি বিজয় কুমার চৌধুরী এ ব্যাপারে বলেন, ‘ঠিকাদারদের সঙ্গে চুক্তিতে উল্লেখ ছিল খাল থেকে তোলা মাটি নিজেরাই সরিয়ে ফেলবেন। কিন্তু তাঁরা তা সরাননি, ফলে ব্যর্থতার দায়ভার এখন আমাদের ওপর এসে পড়ছে। তাই বাধ্য হয়ে সিটি করপোরেশন থেকে ট্রাক দিয়ে কিছু মাটি জরুরি ভিত্তিতে সরিয়ে ফেলা হচ্ছে।’জানা গেছে, গত শনিবার রাতে প্রবল বৃষ্টি শুরু হলে মেয়রের নির্দেশে কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তা নগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এর মধ্যে চকবাজার ও বাকলিয়া এলাকায় ছিলেন জলাবদ্ধতা স্ট্যান্ডিং কমিটির সভাপতি বিজয় কুমার চৌধুরী, আগ্রাবাদে কমিটির সদস্যসচিব নিজাম উদ্দিন চৌধুরী। অল্প বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে যাওয়ার কারণ জানতে চাইলে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘জলাবদ্ধতার স্থায়িত্ব বেশিক্ষণ ছিল না।’ সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, নগরের বেশ কিছু সড়ক উঁচু করার কাজ শুরু করেছে সিটি করপোরেশন। এসব সড়কের দুই পাশে নালা তৈরির পর বালু ফেলা শুরু হয়েছে। নালা তৈরির কারণে সড়কগুলো নিচু হয়ে পড়েছে। নালা উঁচু এবং সড়ক নিচু থাকায় বৃষ্টির পানিতে সড়কগুলো ডুবে যাচ্ছে। নগরের রহমতগঞ্জ, বারইপাড়া, মুরাদপুরসহ বিভিন্ন এলাকায় সড়কের চেয়ে নালা উঁচু হয়ে গেছে। মুরাদপুর এলাকার বাসিন্দা শাকিলা জাহান বলেন, ‘বৃষ্টির পানি নালা দিয়ে যাওয়ার কথা, কিন্তু এখন নালার পানিতে ডুবে যাচ্ছে সড়ক। সড়কের চেয়ে নালা উঁচু হয়ে যাওয়ায় এ সমস্যা হচ্ছে।’এ ছাড়া খাল থেকে ময়লা-আবর্জনা সরানোর জন্য পর্যাপ্ত যানবাহনেরও অভাব রয়েছে বলে জানা গেছে। পরিবেশ মন্ত্রণালয় সিটি করপোরেশনকে অপেক্ষাকৃত বড় খালগুলো খননের জন্য দুটি লম্বা মুখের এস্কেবেটর (খননযন্ত্র) দেওয়ার সিদ্ধান্ত নেয় দেড় বছর আগে। কিন্তু গাড়ি দুটি এখনো দেওয়া হয়নি। তা ছাড়া সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নেও দুটি এস্কেবেটর কেনার কথা ছিল। এগুলো জুনের মধ্যে আসতে পারে। এসব কারণে করপোরেশনের নিজস্ব খননকাজের গতিও কমে গেছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ব্যাপারে মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘আমাদের খাল খননের কাজ এখনো চলছে। নিজেদের যন্ত্রপাতির পাশাপাশি কিছু ভাড়াও নিয়েছি। পুরো কাজ শেষ হলে জনগণ কিছুটা হলেও এর সুফল পাবে।’