দুই দফা বৃষ্টিতে আনোয়ারার বোরো চাষিদের উৎকণ্ঠা কেটে গেছে। আগাম এ বৃষ্টিতে বাম্পার ফলনের আশা করছেন চাষিরা।চাষিরা জানান, গত কয়েক দিন আগেও যেখানে উপজেলার বিভিন্ন এলাকায় পানির অভাবে বোরো খেত শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল সেখানে এখন পানিতে ভরে গেছে। গত সপ্তাহের দুই দফা বৃষ্টির কারণেই এটা সম্ভব হয়েছে। অনেকে সেচযন্ত্রের সংযোগও বিচ্ছিন্ন রেখেছেন। তবে বৃষ্টির কারণে মরিচখেতের ক্ষতি হয়েছে বেশি। খেতে পানি জমে যাওয়ায় মরে যাচ্ছে মরিচগাছ। সরেজমিনে উপজেলার জুঁইদণ্ডী, বরুমচড়া, বারখাইন, হাইলধরের বিভিন্ন বোরোখেত ঘুরে ও চাষিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বৃষ্টি হওয়ায় আপাতত সেচযন্ত্র চালাতে হচ্ছে না। ইতিমধ্যে ধানের থোড়ও বেরোচ্ছে। দু-এক মাসের মধ্যে ফসল তুলতে পারবেন বলেও আশা করছেন চাষিরা। বারখাইন এলাকার চাষি নুরুল ইসলাম বলেন, ‘বৃষ্টি হওয়ায় বোরোর ফলন ভালো হবে। আমার এক কানি জমির ধানে এখন থোড় এসে গেছে।’ চাষি আবদুর রহমান জানান, তাঁর চার গন্ডা মরিচখেত নষ্ট হয়ে গেছে। তবে বোরোর খেতের জন্য ভালো হয়েছে। বরুমচড়ার এক সেচযন্ত্রের মালিক ছাবের আহমদ বলেন, ‘জমিতে যা পানি জমে আছে আশা করছি আর সেচযন্ত্র চালাতে হবে না।’খুরুশকুল এলাকার চাষি শাহ আলম বলেন, ‘আমার দুই কানি জমির জন্য মোট খরচ পড়বে ১৭ হাজার টাকা। বর্তমানে যে অবস্থা তা ঠিক থাকলে প্রতি কানিতে ৮০ আড়ি করে ধান পাব। আর খরচ উঠে লাভ থাকবে ভালো।’ বরুমচড়ার চাষি নুর মোহাম্মদ বলেন, ‘সেচ নিয়ে দুশ্চিন্তা ছিল। বৃষ্টি হওয়ায় সেই আশঙ্কা কেটে গেছে। আর সেচের খরচও কম হবে।’ উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি বছর আনোয়ারায় ছয় হাজার ৩৫০ হেক্টর চাষযোগ্য জমির মধ্যে চার হাজার ৬২০ হেক্টর জমিতে বোরো চাষ হচ্ছে। ৩৫৩ হেক্টর জমিতে হচ্ছে সবজির চাষ। এ ছাড়া আরও ১০৫ হেক্টর জমিতে হয়েছে ফেলন ডালের চাষ। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আখতারুজ্জমান বলেন, ‘আনোয়ারায় এ বছর বোরোর বাম্পার ফলনের আশা করছি। বোরোর মাঝামাঝি সময়ে বৃষ্টি পড়ায় আশা আরও বেড়ে গেল। তবে কোথাও কোথাও পানি জমে থাকায় মরিচগাছ মরে যাচ্ছে।’