
‘প্রথমবার হাইব্রিড মুলার চাষ করে খরচের দ্বিগুণ লাভ পেয়েছি। দেড় একর জমিতে চাষে খরচ পড়েছে ৫৫ হাজার টাকা। আর প্রতি কেজি ৪০ টাকা দরে বিক্রি করে পেয়েছি প্রায় এক লাখ ২০ হাজার টাকা। আগামী মৌসুমে চাষ আরও বাড়াব বলে আশা করছি।’ কথাগুলো বলছিলেন সাতকানিয়ার রসুলাবাদ এলাকার চাষি নওশা মিয়া।
শীতের সবজি মুলা এবার আগেভাগে বাজারে চলে এসেছে। সাতকানিয়া উপজেলার শঙ্খ নদের তীরবর্তী পূর্ব কাঠগড়, রসুলাবাদ ও কালিয়াইশ গ্রামের চাষিরা মুলা চাষ করে ভালো ফলন পেয়েছেন। বেশি দামে বিক্রি করতে পেরে খুশি চাষিরা। পূর্ব কাঠগড় গ্রামের চাষি জমির উদ্দিন বলেন, ‘এক একরের কাছাকাছি জমিতে মুলা চাষ করেছি। আগাম জাতের মুলা চাষে পরিশ্রম ও খরচ একটু বেশি। এবার আমাদের এখানে ফলন ভালো হয়েছে।’
চাষিরা জানান, প্রতি একর মুলা চাষে ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত খরচ পড়ে। আর বাজার মূল্য অনুযায়ী প্রতি একর খেতের মুলা বিক্রি করে পাওয়া যায় ৮০ থেকে ৯০ হাজার টাকা।
সরেজমিনে পূর্ব কাঠগড় গ্রামে গিয়ে দেখা গেছে, খেত থেকে মুলা তোলায় ব্যস্ত চাষিরা। অনেকে খেত থেকে তোলা মুলা ধুয়ে আঁটি বাঁধছেন বাজারে নিয়ে যাওয়ার জন্য। চাষিদের সঙ্গে আলাপে জানা যায়, এখানে উৎপাদিত মুলা বিক্রি হয় দোহাজারীর বড় কাঁচাবাজারে। সেখান থেকে এসব মুলা ব্যবাসায়ীরা কিনে চট্টগ্রামের বিভিন্ন স্থানে সরবরাহ দেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, সাতকানিয়া উপজেলার শঙ্খ নদের তীরে তিন গ্রামে অন্তত ১০ হেক্টর জমিতে এবার আগাম জাতের বর্ষাকালীন মুলা চাষ হয়েছে। তবে এই মুলা চাষের কোনো লক্ষ্যমাত্রা ছিল না।
সহকারী কৃষি কর্মকর্তা মুহাম্মদ মহিউদ্দিন বলেন, পূর্ব কাঠগড়, রসুলাবাদ ও কালিয়াইশ এলাকার অন্তত ২০ জন চাষি হাইব্রিড প্রজাতির তাসাকিসান ও মিনু আরলি লং জাতের মুলা চাষ করেছেন। ফলনও হয়েছে ভলো। ভালো দাম পেয়ে চাষিরা খুশি।