আগাম শ্রম বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ বছর ধরে ইটভাটায় কাজ করেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরবসু এলাকার মোহাম্মদ ইস্রাফিল (৫০)। বছরের ছয়-সাত মাসই কাটান ভাটায়। তিনি আগাম শ্রম বিক্রি করেন। মাঝির মাধ্যমে ২২ হাজার টাকায় কাজ করতে এসেছেন। ওই টাকার বড় অংশই তুলে দিয়েছেন তিনি স্ত্রীর হাতে।গত বুধবার পেকুয়ার টৈটংয়ের এমপিএম ইটভাটায় তাঁর সঙ্গে কথা হয়। স্ত্রী, দুই মেয়ে ও তিন ছেলে নিয়ে সংসার। চাষের জমি নেই, দুই কড়া জমির ওপর দুচালার একটি ঘর আছে। স্ত্রী বকুলা খাতুনও গ্রামে ঝিয়ের কাজ করেন। ইস্রাফিলের মতো এলাকার অভাবী মানুষগুলো আষাঢ়-শ্রাবণে আগাম শ্রম বিক্রি করে দেন ভাটার মালিকদের কাছে। ইস্রাফিল বললেন, ‘বাবা আমরার দ্যাশে শুধুই অভাব। কে কারে সাহিয্য করবি। না হয় এতদূর আইসা কাজ করতিম?’এই টাকা দিয়ে সংসার চলবে? প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এই কথা বোঝবার মানুষ কই। এক বেলা খাইলে, দুবেলা উপোস থাকি। এভাবেই তো জীবন শেষ করাইয়া ফিলছি। আঁর কটা বছর বাঁচুম!’ পরিবার কেমন আছে? ‘আল্লাই জানে। পরিবারের হাতে ছয় হাজার ট্যাকা দিয়া আইয়া পড়ছি। সাত মাস ধরি খোঁজ রাখতেই পারি না। মাঝেমধ্যে চরের একটি মোবাইলে রিং করে খবর নিই।’ বলেন তিনি।একই এলাকা থেকে এসেছেন ফেঞ্চু মিয়া (৪৫)। বলেন, ‘আমাদের মতো চরের বেশির ভাগ মানুষ বিভিন্ন এলাকার ভাটায় শ্রমিকের কাজ করেন। অয়ের টাকা ভাটায় আসার আগে শেষ হয়ে যায়। বর্ষায় মাঝিরা টাকা নিয়ে আমাদের দেন।’ এ বছর রামগতির ২১ জনের এই দলের পাশাপাশি পেকুয়া ও বাঁশখালীর দুটি দল আগাম শ্রম বিক্রি করে। ভাটামালিক মোহাম্মদ সাহাব উদ্দিন দুই যুগ ধরে এ ব্যবসা করছেন। ১০ বছর আগে নিজের ভাটা হয়েছে। এর আগে ১৫ বছর অন্য ভাটায় ব্যবস্থাপক হিসেবে চাকরি করেছেন। তিনি বলেন, ‘আগাম টাকা না দিলে শ্রমিক পাওয়া যায় না। তাঁরা বিভিন্ন ভাটায় আগেভাগে চুক্তিবদ্ধ হয়ে যান।’