আগাম সবজিতে কৃষকের মুখে হাসি
অগ্রহায়ণ ও পৌষ মাস সবজি ওঠার সময় হলেও ফটিকছড়ি উপজেলায় ফলেছে আগাম সবজি। মৌসুমের শুরুতে সবজির তুলতে পেরে ভালো দামে বিক্রিও করছেন কৃষকেরা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে এক হাজার ১১০ হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ পর্যন্ত সবজির চাষাবাদ হয়েছে ৫২০ হেক্টর জমিতে। আগামী এক মাসে আরও ৮৫০ হেক্টর জমিতে আবাদ হবে।
আগাম জাতের মুলা, বেগুন, ঢ্যাঁড়স, বাঁধাকপি, ফুলকপি ও শাকে ভরে গেছে ফসলের খেত। সবজির ফলন ভালো হওয়ায় খুশি কৃষকেরাও। উপজেলার নদী ও খালের চরাঞ্চলে সবজির আবাদ বেশি হয়। এখানকার জমি উর্বর বলে তেমন সারও দিতে হয় না কৃষকদের। সম্প্রতি উপজেলার কাঞ্চননগর, কুম্ভারপাড়া, পাঁচপুকুরিয়া ও সুন্দরপুর এলাকায় গিয়ে দেখা যায়, কৃষকেরা সবজি তোলায় ব্যস্ত। কেউ খেত পরিচর্যা করছেন, কেউ বা শাকের আঁটি বাঁধছেন। কেউ আবার কাঁধে করে সবজি নিয়ে যাচ্ছেন বাজারে।
কাঞ্চননগর গ্রামের কৃষক মঞ্জুর মোরশেদ বলেন, এলাকায় সবজির ভালো ফলন হওয়ায় এখন দ্রুত বিক্রি করে লাভ ঘরে তোলায় ব্যস্ত সবাই। তিনি আরও জানান, উপজেলার নদীতীরবর্তী চরের জমিতে ভালো সবজি ফলে। এ সবজি উপজেলার চাহিদা মেটানোর পাশাপাশি বাইরের বাজারেও যাচ্ছে।
কুম্ভারপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম বলেন, হালদা নদী এবং ধুরুং খালের চরের মাটি উর্বর হওয়ায় রাসায়নিক সার ছাড়াই সবজি ফলে। তাই এসব সবজির পুষ্টিগুণ যেমন বেশি, স্বাদও ভালো। ফলে বাজারেও এই সবজির চাহিদা আছে।
উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ বলেন, এ অঞ্চলের কৃষকেরা বিভিন্ন জাতের উচ্চফলনশীল সবজির চাষাবাদ করে আর্থিকভাবে সচ্ছল হয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম বলেন, কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে সার ও কীটনাশক সরবরাহ করায় এখানে সবজির আবাদ করে অনেকেই লাভবান হয়েছেন। স্থানীয়ভাবে সবজির চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ভূমিকা রেখেছেন তাঁরা।