আগামী দিনের নাট্যজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিশাত শারমিন, মাহমুদা আক্তার, তানিয়া সুলতানা, মোস্তরী খানম ও হাবিবা ফেরদৌসী—পাঁচ বান্ধবী যাচ্ছিলেন শিল্পকলা একাডেমী মিলনায়তনে নাটক দেখতে। পথে অপর এক বন্ধুর কাছে জানলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেই চলছে নাট্য উৎসব। তারপর ‘দেখিই না কেমন নাটক’—এমন একটা ভাব নিয়ে ঢুকেছিলেন টিএসসি মিলনায়তনে। শেষে আত্মতৃপ্তি নিয়েই বের হতে পেরেছেন। ‘ভাবতেই পারিনি যে এত নান্দনিক পরিবেশনা দেখতে পাব আমরা। ভেবেছিলাম, নাট্যকলার ছেলেমেয়েরা আর কতই বা ভালো করবে! কিন্তু একটি নাটক দেখেই বুঝলাম, কালকেও এখানে আসতে হবে আমাদের। এবং এরা যে ভবিষ্যতের নাট্যাঙ্গনে রাজত্ব করবে, সে কথা মোটামুটি জোর দিয়েই বলা যায়।’ বলছিলেন এই দলের নিশাত।প্রায় একই রকম অনুভূতি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইফতেখার রহমানের। তিনি যেমনটি বলছিলেন, ‘নাটক দেখে মনেই হয়নি, এঁরা শিক্ষানবিশ নির্দেশক বা নতুন অভিনেতা। খুবই চমৎকার উপস্থাপনা। মনে হচ্ছিল, যেন কোনো নিয়মিত নাট্যদলের পরিবেশনাই দেখছি।’ আর যাঁদের সম্পর্কে এই স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি, তাঁরা হলেন: সৈয়দা ইফাত আরা, মাহজাবীন ইসলাম, নুসরাত শারমিন, লাবনী আক্তার, মেহেদী তানজীর, সুশান্ত কুমার সরকার ও খান রফিকুল ইসলাম। এঁরা প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। শিক্ষাজীবনের শেষ প্রান্তে এসে এই সাত তরুণ যেন এই বার্তাই ঘোষণা করলেন ‘মনিং শোজ দ্য ডে...’। ভাবছেন, কীভাবে সম্ভব হলো? প্রতিবছরের মতো এ বছরও ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজন করেছে বার্ষিক নাট্যেৎসবের। উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগকেও। ২২ জানুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও নাটমণ্ডলে শুরু হয়েছে এ উৎসব। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।প্রথম দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রযোজনায় কমলা রানীর সাগরদীঘি মঞ্চায়নের মাধ্যমে যাত্রা শুরু হয় এ উৎসবের। উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এরপর প্রতিদিনই চলছে এক বা একাধিক দলের পরিবেশনা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের শিক্ষার্থীরা পরিবেশন করছেন গাও সিংজিয়ান রচিত নাটক দ্য আদার শোর। নাটকটির নির্দেশনা দিয়েছেন আবদুল হালিম প্রামাণিক। এ ছাড়া ২৭ জানুয়ারি শুক্রবার এই দল পরিবেশন করবে আলকাপ গান। একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা এনেছেন কবি জসীমউদ্দীনের নকসী কাঁথার মাঠ। এর নির্দেশনা দিয়েছেন সোমা মুমতাজ। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা এনেছেন এ স্লাইট এইক, জিনিয়াস অ্যান্ড কালচার, দ্য উইড ড্রিমস, পরপারে পরের কথা, বিছন, মৈয়মনসিংহ গীতিকাভুক্ত পালার নবরূপায়ণ: ভানুমতীর পালা, ওয়েটিং ফর গডো ও কমলা রানীর সাগরদীঘি।তরুণ এই নির্দেশকদের সম্পর্কে নাট্যকলা বিভাগের শিক্ষক অধ্যাপক ইস্রাফিল শাহীন বলেন, ‘এরা এই উৎসবে অংশগ্রহণের মাধ্যমে নিজেরা নিজেদের দক্ষতা নিজ চোখে অবলোকন করতে পারছে, কীভাবে একটি চিত্রনাট্য দর্শকদের সামনে উপস্থাপন করতে হয় তা শিখছে, এককথায় নির্দেশনার প্রায়োগিক বিষয়গুলো হাতে-কলমে শিখতে পারছে।’ এ উৎসবের আহ্বায়ক নাট্যকলা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক রহমত আলী বলেন, ‘বিভাগের শিক্ষার্থীরা আমার সন্তানের মতো। শ্রেণীকক্ষের পাঠ তারা মঞ্চে সফলভাবে তুলে ধরতে পারছে দেখে আমার ভালো লাগছে। এদের মধ্যে থেকেই ভবিষ্যতে অনেক দক্ষ নির্দেশক ও অভিনেতা বেরিয়ে আসবে, যারা বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।’শিক্ষকের এই মন্তব্যকে আশীর্বাদ হিসেবে মেনে নিয়ে আগামীর এই নাট্যজনেরা সমস্বরে জানালেন, তাঁরাও থাকবেন সেই লক্ষ্যে সব সময় অবিচল।