জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী বলেন, জাতীয় কবির অসাম্প্রদায়িক ও সাম্যের আদর্শ তুলে ধরতে দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে উঠেছে নজরুল একাডেমি। দেশপ্রেমিক নাগরিক হয়ে গড়ে উঠতে হলে আগামী প্রজন্মকে নজরুলের আদর্শে দীক্ষা নিতে হবে। ১৩ আগস্ট ফেনীর দাগনভূঞায় নজরুল একাডেমির আয়োজনে নজরুলসংগীত বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলার আতাতুর্ক উচ্চবিদ্যালয়ের মিজান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওসমান গণি। বক্তব্য দেন কেন্দ্রীয় নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মিন্টু রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডিন আহমেদ আমলা, দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌসী বেগম, দাগনভূঞা নজরুল একাডেমির সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানের পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে আবদুল হক স্মৃতি বৃত্তির ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। সব শেষে খিলখিল কাজী নজরুলগীতি পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন।