আগামী প্রজন্মের নেতা তৈরির বিশ্ববিদ্যালয়

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) এশিয়া ও মধ্যপ্রাচ্যের আগামী প্রজন্মের নেতাদের শিক্ষিত করে তুলতে চায়। ২০০৮ সাল থেকে আমরা শত শত নারীকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উন্নতমানের শিক্ষা দিয়েছি। এসবের মধ্যে আছে নেতৃত্বের প্রশিক্ষণ, পেশাগত মান উন্নয়নের সুযোগ, প্রয়োজনীয় পরামর্শদান এবং সমালোচনামূলক চিন্তাধারার দক্ষতা ও সমস্যা সমাধানের সামর্থ্য বাড়ানো প্রভৃতি।
এইউডব্লিউর পাঠ্যক্রমে লিবারেল আর্টস এবং বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি কয়েক দফায় গ্রীষ্মকালীন শিক্ষানবিশি (সামার ইন্টার্নশিপ) এবং ক্যাম্পাসভিত্তিক নেতৃত্বের প্রশিক্ষণ, সেমিনার ইত্যাদি এই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনারই অংশ। আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক নানা সম্মেলনে নিয়মিত অংশ নেয়, পড়াশোনা করতে বিদেশি প্রতিষ্ঠানগুলোয় যায়, গবেষণা ও প্রচারমূলক কাজে অংশ নেয় এবং নিজ ক্যাম্পাসে বিভিন্ন সংগঠনে কাজ করে। কেউ কেউ বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন নিজস্ব ব্যবসায়িক কার্যক্রম এবং অন্যান্য সাংগঠনিক কাজেও যুক্ত হয়।
এইউডব্লিউ সম্ভাব্য সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের খুঁজে নেয়। এ ক্ষেত্রে তাদের অতীতের পড়াশোনা বা আর্থিক সামর্থ্য মূল বিবেচ্য নয়। এভাবে আমরা প্রতিশ্রুতিশীল মেয়েদের প্রাপ্য সুযোগটা দিচ্ছি এবং জীবনের সব ক্ষেত্রে এই ভবিষ্যৎ নেতাদের জন্য একটা মেধাবৃত্তি তৈরি করছি। সুযোগ বৃদ্ধির এই চেষ্টা এবং সবচেয়ে বঞ্চিত এলাকাগুলোর অল্পবয়সী নারীদের কাছে পৌঁছানোর এই চেষ্টায় এইউডব্লিউ ‘পাথওয়েজ ফর প্রমিজ’ নামের একটি নতুন কর্মসূচি হাতে নিয়েছে। এটা ইংরেজি ভাষার একটি পরিপূর্ণ পাঠ্যসূচি, যা শিক্ষার্থীদের ‘অ্যাকসেস অ্যাকাডেমি’তে প্রবেশের জন্য প্রস্তুত করে তোলে। অ্যাকসেস একাডেমিতে কলেজে পড়াশোনা শুরুর আগের একটা বছর শিক্ষার্থীদের পড়ানো হয়। তখন তাদের নেতৃত্ব, ইংরেজি এবং সমালোচনামূলক চিন্তাধারার বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় বিশ্ব ইতিহাস, গণিত ও কম্পিউটার বিজ্ঞানের বিভিন্ন কোর্স পড়ানোর মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুত করে তোলা হয়। বাংলাদেশি তৈরি পোশাক শিল্প কারখানা এবং শরণার্থী সম্প্রদায়ের অল্পবয়সী মেয়েদের ভর্তি করাই এ কর্মসূচির প্রাথমিক লক্ষ্য। এ ক্ষেত্রে পাথওয়েজ যেকোনো মেয়ের জন্য উন্মুক্ত—যারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পারে এবং এইউডব্লিউতে পড়ার উপযুক্ত অথচ উন্নতমানের ইংরেজি শিক্ষা অর্জনের পথে কিছু সীমাবদ্ধতার কারণে পিছিয়ে পড়েছে।
পাথওয়েজ এশিয়া ও মধ্যপ্রাচ্যের সবচেয়ে দূরবর্তী ও প্রত্যন্ত এলাকার জনগোষ্ঠীর শিক্ষার্থীদেরও পড়ার সুযোগ দেয়। যারা আগে মৌলিক ইংরেজির দক্ষতার অভাবে এইউডব্লিউতে পড়তে পারত না। এইউডব্লিউ দৃঢ়ভাবে বিশ্বাস করে সমাজের প্রতিটি স্তরে মেধা লুকিয়ে আছে—এই কর্মসূচির মাধ্যমে সেটাই প্রমাণিত হয়।
এতগুলো বছর ধরে প্রথম আলো আমাদের অব্যাহতভাবে সাহায্য করেছে। সে জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ। এইউডব্লিউ ২০১২ সালে প্রথম আলোর সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে, যার মধ্য দিয়ে এইউডব্লিউ ১০ জন শিক্ষার্থীকে ভর্তির ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ, যারা পরিবারের প্রথম নারী হিসেবে বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে। তারা এইউডব্লিউ-প্রথম আলো ট্রাস্ট বৃত্তির আওতায় পড়াশোনার পূর্ণ খরচ পায়। বিনিময়ে প্রথম আলো পাঁচটি ভর্তি বিজ্ঞপ্তি বিনা মূল্যে প্রকাশ করে এবং প্রতি শিক্ষার্থীর জন্য মাসে দুই হাজার টাকা করে দেয়। বর্তমানে এই বৃত্তির আওতায় ৪২ জন শিক্ষার্থী রয়েছে।
নির্মলা রাও : উপাচার্য, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন
ইংরেজি থেকে অনূদিত