লোডশেডিং কমবে রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে
আগামী ফেব্রুয়ারিতে উৎপাদনে যাবে ২৫ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র
আগামী বছরের ফেব্রুয়ারিতে চালু হতে যাচ্ছে রাউজানে নির্মাণাধীন ২৫ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র। চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশে বাগোয়ান ইউনিয়নের কালুমরারটেক এলাকায় রুরাল পাওয়ার কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান এ বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ করছে। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্র জানায়, প্রায় ১৪০ কোটি টাকা ব্যয়ে এ কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী আগামী বছর ফেরুয়ারি মাসে এটি উৎপাদনে যাওয়ার কথা। আর কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ হবে শুধু রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি উপজেলায়। ফলে এ তিন উপজেলায় বিদ্যুতের লোডশেডিং কমে যাবে বলে আশা করছেন সমিতির কর্মকর্তারা।চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ফটিকছড়ি কার্যালয়ের প্রকৌশলী ইকবাল হোসেন জানান, গত সংসদ নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার দেশের বিদ্যুতের লোডশেডিং কমাতে উপজেলা পর্যায়ে ক্ষুদ্র বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। তার অংশ হিসেবে রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলায় বিদ্যুতের লোডশেডিং কমাতে ২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার নতুন বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের উদ্যোগ নেয় জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। চুক্তিবদ্ধ হয় রুরাল পাওয়ার কোম্পানির সঙ্গে। পরে ফটিকছড়ি উপজেলায়ও বিদ্যুৎ সরবরাহ দেওয়ার কথা বিবেচনা করে বিদ্যুৎকেন্দ্রটির ক্ষমতা ২৫ মেগাওয়াট করার সিদ্ধান্ত নেয় সরকার। পল্লী বিদ্যুৎ সমিতির রাঙ্গুনিয়া উপজেলা কার্যালয়ের উপব্যবস্থাপক হুমায়ুন আহমেদ বলেন, ‘২০১১ সালের মাঝামাঝি সময়ে এটির নির্মাণকাজ শুরু হয়। এ পর্যন্ত কেন্দ্রের প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে ২০১২ সালের জানুয়ারি মাসের মধ্যে বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজ শেষ হবে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে এ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।’ জানা যায়, নতুন এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ১৪০ কোটি টাকার মধ্যে চট্টগ্রামের চারটি পল্লী বিদ্যুৎ সমিতি প্রায় ২০ কোটি টাকা বিনিয়োগ করছে। বাকি ১২০ কোটি টাকা বিনিয়োগ করছে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড। কোম্পানিটি কেন্দ্রের উৎপাদনব্যবস্থা নিয়ন্ত্রণ করবে। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ কোম্পানীর কাছ থেকে বিদ্যুৎ কিনে রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি উপজেলার প্রায় এক লাখ গ্রাহকের চাহিদা পূরণ করবে। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ব্যবস্থাপক শাখাওয়াত উল্লাহ বলেন, ‘প্রতিদিন রাঙ্গুনিয়ায় ১৬, রাউজানে ১২ এবং ফটিকছড়ি উপজেলায় ২০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। এর মধ্যে জাতীয় গ্রিড থেকে রাঙ্গুনিয়ায় পিক ও অফপিক আওয়ারে চার থেকে ছয়, রাউজানে ছয় থেকে আট এবং ফটিকছড়িতে চার থেকে পাঁচ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ফলে এ তিন উপজেলায় লোডশেডিং এখন চরম পর্যায়ে রয়েছে। ২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ বিদ্যুৎকেন্দ্র চালু হলে লোডশেডিং কমে আসবে। কারণ এ কেন্দ্রের বিদ্যুৎ শুধু এ তিন উপজেলায় সরবরাহ করা হবে। উদ্বৃত্ত থাকলে তা জাতীয় গ্রিডে দেওয়া হবে।’ রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (অপারেশন) মাহাবুব আলম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘দেশে গ্যাসসংকটের কথা বিবেচনায় রেখে বিদ্যুৎকেন্দ্রটি ফার্নেস অয়েল দিয়ে চালানোর ব্যবস্থা রাখা হয়েছে। ফলে এ কেন্দ্র থেকে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।’