শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘আমরা আগামী বছর থেকে বিদ্যালয়ে পড়ুয়া দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে ব্রেইল পাঠ্যবই বিতরণের ব্যবস্থা নেব। তা ছাড়া আমাদের নতুন শিক্ষানীতিতেও তাদের মূলধারার শিক্ষার সঙ্গে যুক্ত করা হয়েছে।’ তিনি বলেন, ‘দৃষ্টি প্রতিবন্ধীরা কারও দয়ায় বেঁচে থাকুক এটা আমরা চাই না। তারা সবার সঙ্গে থেকে নিজেদের যোগ্যতার প্রমাণ করবে এটাই আমাদের প্রত্যাশা।’ ৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত ব্রেইল পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী প্রধান অতিথি হিসেবে ভাষণ দানকালে এসব কথা বলেন। উইন ব্রেইল সফটওয়্যারের মাধ্যমে এসব বই দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের পাঠ উপযোগী করে তৈরি করা হয়। এ কে খান ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ইউনাইট থিয়েটার ফর সোশ্যাল অ্যাকশন (উৎস) এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে স্বাগত বক্তব্য দেন দৃষ্টি প্রতিবন্ধী আইনজীবী নুরের জাহান। এ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহম্মদ নুরুল হুদা, উপসচিব মো. মাহবুব হাসান, একে খান ফাউন্ডেশনের মহাসচিব সালাউদ্দীন কাসেম খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উৎসের পরিচালক মোস্তফা কামাল।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাঁর বক্তব্যে আরও বলেন, ‘এ বছর থেকে এসএসসি পরীক্ষার্থী দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ১৫ মিনিট সময় বাড়িয়ে দেওয়া হয়েছে।’ তিনি জানান, ‘আগামী আদমশুমারিতে প্রতিবন্ধীদের সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাতে তাদের উন্নয়নের ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া যায়। অপরদিকে তাদের চলাচলের সুবিধার্থে নতুন নির্মিত প্রাথমিক বিদ্যালয়গুলোতে হুইল চেয়ার দিয়ে ওঠার ব্যবস্থা রাখা হয়েছে।’ সপ্তাহব্যাপী ক্রিকেট ফিভার উৎসব ১৫ ফ্রেব্রুয়ারি শুরুবিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ক্রিকেট ফিভার উৎসব। এর আয়োজন করেছে প্রযুক্তি পণ্য বিপণন প্রতিষ্ঠান রিশিত কম্পিউটারস লিমিটেড। প্রতিষ্ঠানের দামপাড়া কার্যালয়ে এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসব চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে ক্যামেরা, হ্যান্ডি ক্যামেরা, ল্যাপটপ, প্রজেক্টর, টিভি কার্ড, এলসিডি মনিটরের ওপর থাকবে বিশেষ ছাড়। এ ছাড়া বিভিন্ন আকর্ষণীয় উপহারেরও ব্যবস্থা রয়েছে। রিশিত কম্পিউটারসের আঞ্চলিক ব্যবস্থাপক জহিরুল ইসলাম জানিয়েছেন, ‘উৎসব উপলক্ষে সর্বনিম্ন ২২ হাজার টাকা দামে ল্যাপটপ এবং আট হাজার টাকা দামে ক্যামেরা বিক্রি করব। উৎসব চলবে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত আটটা পর্যন্ত।’ নিজাম সিদ্দিকী