আগামী বছরের শেষে কাটবে পানিসংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ওয়াসা বর্তমানে চাহিদার মাত্র ৪০ শতাংশ পানি সরবরাহ করতে পারে। গরমে সেটাও পারছে না। তাই চারদিকে পানির জন্য হাহাকার নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে আগামী বছরের শেষ নাগাদ পানির এ সংকট অনেকটা কেটে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম ওয়াসা রাঙ্গুনিয়া উপজেলার পোমরা এলাকায় কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পে ব্যয় হচ্ছে এক হাজার ৮০০ কোটি টাকা। বর্তমানে জাইকার অর্থায়নে চলমান ওই প্রকল্পের পাইপলাইন স্থাপনের কাজ চলছে। জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান কুবুতা ও মারুবিনি কনসোর্টিয়াম পাইপ লাইনের কাজ করছে।
কর্মকর্তারা বলছেন, কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের কাজ ২০১৪ সালের ডিসেম্বর নাগাদ শেষ হবে। আর তখন থেকে সুপেয় পানির সমস্যা থাকবে না বলে তাঁরা আশাবাদী।
চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আবদুল করিম চৌধুরী বলেন, ‘আগামী অক্টোবর নাগাদ প্রকল্পের পাইপ লাইনের কাজ শেষ হবে। এরপর ট্রিটমেন্ট প্লান্ট করে পানি সরবরাহ করা যাবে। ২০১৪ সালের ডিসেম্বর নাগাদ গ্রাহকদের মাঝে পানি সরবরাহ করার পরিকল্পনা রয়েছে।’
সরেজমিনে দেখা গেছে, বর্তমানে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে রাতের বেলায় দ্রুতগতিতে পাইপলাইন বসানোর কাজ এগিয়ে চলছে। এ ছাড়া, নগরের অক্সিজেন, কাজীর দেউড়ি, লালখান বাজারসহ বিভিন্ন স্থানে বড় বড় পাইপ বসানোর কাজ এগিয়ে চলছে।
রাতের বেলায় কাজ করার কারণ জানতে চাইলে শ্রমিকেরা জানান, যানজট এড়াতে রাতে কাজ করার সিদ্ধান্ত হয়েছে। পাইপ লাইনের কাজে কোনো রকম বাধার সম্মুখীন হতে হচ্ছে না বলে জানান তাঁরা। দেখা গেছে, রাতের মধ্যেই আবার রাস্তা ভরাট করে ইট দিয়ে দেওয়া হচ্ছে। সপ্তাহ খানেকের মধ্যে তাতে কার্পেটিংও করা হচ্ছে।
ওয়াসা সূত্র জানায়, নতুন এই প্রকল্প চালু হলে নগরবাসীর পানির সমস্যা অনেকাংশে সমাধান হবে বলে কর্মকর্তারা মনে করছেন। এ প্রকল্প থেকে দিনে ১৩ কোটি ৬০ লাখ মিলিয়ন লিটার পানি পাওয়া যাবে।
বর্তমানে নগরে পানির চাহিদা দিনে ৫০ কোটি লিটার। ওয়াসা গড়ে ২০ থেকে ২২ কোটি লিটার পানি সরবরাহ করে। এর মধ্যে নয় কোটি লিটার আসে মোহরা পানি শোধনাগার থেকে। বাকিটা ৯০টি গভীর নলকূপের সাহায্যে সংগ্রহ করা হয়।
সূত্র জানায়, শুষ্ক মৌসুমে পানির চাহিদা আরও কিছুটা বাড়ে। কিন্তু বিদ্যুৎসহ নানা সমস্যার কারণে এ সময় উৎপাদন ও সরবরাহব্যবস্থায় ঘাটতি দেখা যায়। এ ছাড়া, পাইপে পানির চাপ থাকার কারণে আসকারদিঘির পাড়, বাগঘোনা, আমবাগান, খুলশীর মতো পাহাড়ি এলাকায় অনেক সময় পানি পাওয়া যায় না। দক্ষিণ নালাপাড়া, আগ্রাবাদ, সরাইপাড়া, হালিশহরসহ বিভিন্ন স্থানেও পানির সংকট প্রতিদিন বাড়ছে।
এ বিষয়ে জানতে চাইলে ওয়াসার প্রধান প্রকৌশলী মো. আবদুল করিম চৌধুরী বলেন, ‘কর্ণফুলী প্রকল্পের কাজ এগিয়ে চলছে। প্রকল্পটি চালু হলে পানির সংকট অনেকটা কেটে যাবে। আমাদের আশা, আগামী বছরের শেষ নাগাদ নতুন প্রকল্প থেকে পানি প্রধান সরবরাহ লাইনে যোগ হবে। এতে করে বর্তমান চাহিদার ৩০ শতাংশ ঘাটতি পূরণ করা সম্ভব হবে। সব মিলিয়ে তখন চাহিদার ৭০ শতাংশ পানি দেওয়া যাবে। এতে সংকট অনেকটা দূর হবে।’
১৯৮৮ সালের পর চট্টগ্রাম ওয়াসা ভূপৃষ্ঠের পানি ব্যবহারের জন্য এই প্রথম কোনো প্রকল্প বাস্তবায়ন করছে। ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে এ ধরনের আরও প্রকল্প দরকার বলে মনে করছেন ওয়াসাসংশ্লিষ্ট ব্যক্তিরা।