আগামী বর্ষার আগেই চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত করার জন্য প্রস্তাবিত খাল খননের টাকার সংস্থান শুকনো মৌসুমে হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয় ও জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সিটি করপোরেশনের প্রকৌশলীদের আশঙ্কা আগামী জুন মাসের আগে অর্থ পাওয়া না গেলে আগামী বর্ষা মৌসুমেও নগরের নিম্নাঞ্চল পানিতে ডুবে থাকবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী বর্ষার আগেই চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত করার উদ্যোগ হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশন ৩১৮ কোটি টাকার তিনটি প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে ২৯৮ কোটি টাকা ব্যয়ে একটি নতুন খাল খনন এবং ১৮ কোটি টাকায় দুইটি সংযোগ খাল খননের কাজ। জানা যায়, এরই মধ্যে সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে বিরজা খালের সংযোগ খাল খননের প্রাথমিক কাজ শুরু হয়েছে। এ ছাড়া ডুমখালের সংযোগ খাল খনন করতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে আরও আট কোটি টাকা পাওয়া গেছে।এদিকে বহদ্দারহাট থেকে বলিরহাট হয়ে কর্ণফুলী পর্যন্ত একটি নতুন খাল খননের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ২৯৮ কোটি টাকার প্রকল্প জমা দেয় চট্টগ্রাম নগর কর্তৃপক্ষ। ৯ জানুয়ারি মন্ত্রণালয় এটি অনুমোদন করেছে। কিন্তু ওই টাকা পেতে প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয় ও জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয় ও একনেকে অনুমোদন পাওয়া অনেক সময়সাপেক্ষ ব্যাপার। এ অবস্থায় আগামী জুন মাসের আগে অর্থ পাওয়া না গেলে আগামী বর্ষাতেও নগরের নিম্নাঞ্চল পানিতে ডুবে থাকবে। জানতে চাইলে সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘বহদ্দারহাট থেকে যে খালটি খনন করা হবে সেটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মহাপরিকল্পনারই অংশ। এটি খনন না করার কোনো সুযোগ নেই। খালটি খনন করা হলে বহদ্দারহাট, চান্দগাঁওসহ আশপাশের বিরাট এলাকা জলাবদ্ধতামুক্ত হবে। এজন্য আমরা চাই সরকার দ্রুত এ টাকা ছাড় করুক।’ সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, প্রস্তাবিত খালের জন্য যে প্রাক্কলিত বাজেট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এর বেশির ভাগ অর্থই (২৩৩ কোটি টাকা) ব্যয় হবে ভূমি অধিগ্রহণের কাজে। বাকি ৬৫ কোটি টাকা দিয়ে খাল খনন করা হবে। খালের দৈর্ঘ্য হবে ২ দশমিক ৭৩ কিলোমিটার এবং প্রস্থ ৬৫ ফুট। এটি হবে ওই এলাকায় চাক্তাই খালের চেয়েও প্রশস্ত। সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন প্রথম আলোকে বলেন, ‘যে এলাকা দিয়ে খাল খনন করা হবে, সেটি আগে থেকেই নকশা করা আছে। ওই জায়গায় খুব বেশি বাড়িঘরও উঠেনি। যথাসময়ে টাকাটা ছাড় করা গেলেই স্বল্প সময়ে এ খাল খনন করা সম্ভব হবে বলে আশা করছি।’ নতুন দুইটি সংযোগ খাল: এক বছর আগে সিটি করপোরেশন ১০ কোটি টাকা ব্যয়ে বিরজা খালের দুই পাশ ও তলা পাকাকরণের কাজ শেষ করে। এ বছর ওই খালের সঙ্গে রাজাখালী খালের একটি সংযোগ খাল খননের জন্য আরও ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বর্তমানে বিরজা খালের পানি বহদ্দারহাট হয়ে চাক্তাই খালে এসে পড়ছে। এতে চাক্তাই খাল দিয়ে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত পানি প্রবাহিত হচ্ছে। প্রকৌশলীরা বলেন, বিরজা খালকে রাজাখালী খালের সঙ্গে যুক্ত করা হলে পূর্ব ষোলশহর এলাকার পানি দ্রুত কর্ণফুলী নদীতে গিয়ে পড়বে। এদিকে ডুমখালের সংযোগ খাল খননের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে আট কোটি টাকা পাওয়া গেছে। এ প্রসঙ্গে মেয়র মোহাম্মদ মন্জুর আলম বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাইরে গিয়ে অন্য মন্ত্রণালয়ের টাকা পাওয়া আমাদের জন্য একটি সাফল্য। আমাদের সততার কারণেই সেটা সম্ভব হয়েছে যা আগে কখনো হয়নি। আগামী সময়ে আরও বেশি টাকা পাওয়ার ব্যাপারেও দুর্যোগ ব্যবস্থপনা মন্ত্রণালয় আমাদের আশ্বাস দিয়েছে।’ মেয়র জানান, ডুম খাল ও বিরজা খালের সংযোগ খাল খননের কাজ চলতি শুকনো মৌসুমেই শেষ হবে। এরই মধ্যে এ ব্যাপারে দরপত্র আহ্বান করা হয়েছে।