আগামী মাসে দুটি নিম্নচাপের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমি বায়ু প্রবল হওয়ার আগে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপের আশঙ্কা করছেন আবহাওয়াবিদেরা। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও ধারণা করছেন তাঁরা। ঝড় সতর্কীকরণ কমিটির দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ আশঙ্কার কথা জানানো হয়েছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতার মাত্রাও বাড়ছে বলে বিশেষজ্ঞদের অভিমত।আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, অতীতে বঙ্গোপসাগরে যেসব ঝড় সৃষ্টি হয়েছিল সব ছিল হয়তো মৌসুমি বায়ু আসার আগে অথবা মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর। অতীতের পরিসংখ্যান থেকে দেখা যায়, প্রতিবছর মৌসুমি বায়ু আসার আগে বঙ্গোপসাগরে একাধিক লঘু ও নিম্নচাপ সৃষ্টি হয়। এই নিম্নচাপের কিছু কিছু ঘূর্ণিঝড়ে রূপ নেয়। ২০০৯ সালের মে মাসে আইলা বাংলাদেশ উপকূলে আঘাত হানে। এর আগে ২০০৮ সালের এপ্রিলে নার্গিস এবং তারও আগে সিডর আঘাত হেনেছিল উপকূলে। এসব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আবহাওয়াবিদেরা পূর্বাভাস ঘোষণা করেন। এপ্রিলের প্রথম সপ্তাহে আবহাওয়া অধিদপ্তরে অনুষ্ঠিত বৈঠকে মে পর্যন্ত পূর্বাভাস ঘোষণা করা হয়। এতে জুনের আগে দুটি নিম্নচাপের কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া দপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ শেখ শাহজাহান বলেন, ‘আবহাওয়াবিদদের বৈঠকে দুটি নিম্নচাপের কথা বলা হয়েছিল। তার মধ্যে একটি ঝড়ে রূপ নেওয়ার আশঙ্কাও করা হচ্ছে। তবে ঝড়ে রূপ না-ও নিতে পারে।’তিনি আরও বলেন, ‘সাধারণত বাংলাদেশে মৌসুমি বায়ু আসার আগে এবং মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর নিম্নচাপ ও ঝড় সৃষ্টি হয়। অতীতের সব বড় বড় ঘূর্ণিঝড়ও একই সময়ে হয়েছে।’ বাংলাদেশে সৃষ্ট ঝড়গুলোর তীব্রতাও আস্তে আস্তে বাড়ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। এর আগে ১৯৯১ সালের ২৯ এপ্রিল চট্টগ্রাম উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড়টি ছিল সি গ্রেডের। এটিতে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ২২০ কিলোমিটার। পরে সিডরের গতিবেগ ছিল সর্বোচ্চ ২৪০ কিলোমিটার।২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রাম উপকূলে তিন লাখ লোকের প্রাণহানি ঘটেছিল। আবহাওয়াবিদদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন বৃদ্ধি পাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। গত কয়েক বছরে চট্টগ্রামসহ সারা দেশের মানুষকে বন্যা, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, খরা, ভূমিধস, ভূমিকম্পসহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয়েছে। যতই দিন যাবে ততই এসব দুর্যোগ বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের।প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধির পাশাপাশি এসব দুর্যোগের ভয়াবহতাও বৃদ্ধি পাচ্ছে বলে বিভিন্ন পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে। যেমন ১৯৭৪ সালে বাংলাদেশের বন্যায় ৩৬ শতাংশ এলাকা প্লাবিত হলেও পরবর্তীকালের বন্যাগুলোর ভয়াবহতা ছিল এর চেয়ে বেশি। ১৯৮৮ সালের বন্যায় ৬১ শতাংশ এলাকা এবং ১৯৯৮ সালের বন্যায় ৬৮ শতাংশ এলাকা প্লাবিত হয়।