আগামী মাসেই শুরু হবে সংস্কারকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারায় বেহাল ১০টি সড়কের সংস্কারকাজ শুরু হবে আগামী নভেম্বর মাসে। সড়ক ও জনপথ (সওজ) এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। ছয় মাস ধরে এসব সড়কে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় লোকজন।
সওজ সূত্র জানায়, ৪ কোটি টাকা ব্যয়ে শিকলবাহা ওয়াই জংশন থেকে কালাবিবির দীঘি, ৯ কোটি টাকায় মহাল খান বাজার থেকে জঁুইদণ্ডী ও ১০ কোটি টাকা ব্যয়ে কালাবিবি দীঘি থেকে উপজেলা সদর পর্যন্ত সড়ক সংস্কারের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। একইভাবে জয়কালী বাজার-চন্দনাইশ-গাছবাড়িয়া ও ছত্তারহাট-পটিয়ার মনসা সড়কেরও দরপত্র আহ্বান করা হয়।
সওেজর নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দিন বলেন, দক্ষিণ চট্টগ্রামে বেশ কয়েকটি সড়কের সংস্কারের জন্য দরপত্র প্রক্রিয়া শেষ করা হয়েছে। বৃষ্টি কমলেই কাজ শুরু হবে।
এলজিইডি সূত্র জানায়, উপজেলার এলজিইডির তত্ত্বাবধানে কৈখাইন-চামুদরিয়া সড়কটি ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হবে। পাশাপাশি ৫৬ লাখ টাকায় হাসান আলী মুন্সি সড়ক, ১৮ লাখ টাকায় রুস্তমহাট-কানুমাঝিরহাট সড়ক, ১৬ লাখ টাকায় কৈখাইন রামকৃষ্ণ সড়ক ও সাড়ে ১২ লাখ টাকায় কৈখাইন সেতু সংস্কার করা হবে শিগগির।
উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান বলেন, উপজেলার সব কটি সড়ক পর্যায়ক্রমে সংস্কার করা হবে। আপাতত অতি গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কার করা হচ্ছে। এসব কাজ শুরু হবে আগামী নভেম্বর মাসে।
এ ছাড়া উপজেলার চাতরী চৌমুহনী থেকে কাফকো সেন্টার সড়কটি ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হবে।
এদিকে ১১ অক্টোবর আনোয়ারা-কর্ণফুলী সংসদীয় আসনের সাংসদ ও সরকারের ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এলাকাবাসীকে সড়ক–যন্ত্রণার অবসানের কথা পোস্ট করেন। ওই বার্তায় সওেজর বিভিন্ন সড়কের বরাদ্দের বর্ণনাও দেন তিনি।
আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, প্রধান সড়কের সংস্কার শেষে গ্রামীণ সড়কগুলোর সংস্কারেও পদক্ষেপ নেওয়া হবে।