
ইজোন্যান্স নামটি মূলত ইংরেজি ‘রেজোন্যান্স’ থেকে নেওয়া। গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তড়িৎকৌশল বিভাগের উদ্যোগে সম্প্রতি আয়োজিত প্রযুক্তিবিষয়ক বহুমাত্রিক এই ‘ইজোন্যান্স’ প্রতিযোগিতায় এবারে রোবটিকস থেকে শুরু করে প্রোজেক্ট, আইডিয়া ব্লোয়িংকন্টেস্ট—এমনকি রুবিকস কিউব ও কুইজ প্রতিযোগিতাও অন্তর্ভুক্ত ছিল।
জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থীর সমাগম ঘটে, যার মধ্যে আইইউটি ছাড়াও বুয়েট, কুয়েট, রুয়েট, আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য।
শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ামাত্রই শুরু হয়ে যায় দিনের সবচেয়ে বড় ইভেন্ট ‘রোবোম্যানিয়া ২.০-আনম্যান্ডরেস্কিউমিশন’, যা কিনা কিছুটা ভিন্ন ধাঁচের রোবটিকস চ্যালেঞ্জ। রেসকিউ মিশনে লাইন ফলোয়ার রোবটের সঙ্গে ছিল রোবোটিক হ্যান্ডযুক্ত রেডিও তরঙ্গ দ্বারা নিয়ন্ত্রিত একটি রোবট, যা ভার বহনে সক্ষম। এ রকম একটি বিষয় অন্তর্ভুক্ত করার ব্যাপারে ইজোন্যান্স ২০১৫-এর প্রধান সমন্বয়ক খোন্দকার হাবিবুল কবির বলেন, ‘আমাদের দেশ একটি দুর্যোগপ্রবণ দেশ, বিভিন্ন দুর্যোগে উদ্ধার কার্যক্রম আরও ত্বরান্বিত করতে এ ধরনের রোবট ভালো ভূমিকা রাখতে পারে, উঠতি প্রকৌশলীরা যাতে আনন্দ নিয়ে এ ধরনের রোবট তৈরিতে আগ্রহী হয়, তাই এ প্রতিযোগিতার আয়োজন।’
তবে হ্যাঁ, কঠিন শর্তের জন্য পুরস্কারও ছিল অনেক। চ্যাম্পিয়ন দলের জন্য এক লাখ টাকার প্রাইজমানি। নিজেদের বানানো রোবটকে শ্রেষ্ঠ প্রমাণ করে যা জিতে নেয় আইইউটির দল ‘আইইউটি টপ গানস’। এ দলের সদস্যরা ছিলেন সাদ মোহাম্মদ আবদুল্লাহ, আখিয়ার বখত, ইরফান আহমেদ, মাহির আসেফ আনান, শিফাতুর রাহমান, ইন্তিসার নুর, মাহমুদুল হাসান, আবদুল্লাহ আল নোমান।
রোবটিকস ছাড়াও ইজোন্যান্সের আরেকটি বড় ইভেন্ট ছিল প্রোজেক্ট ও পোস্টার প্রদর্শন। হার্ডওয়্যার ও সফটওয়্যার—দুই ধরনের প্রোজেক্টে যেন সৃজনশীলতার ছড়াছড়ি। প্রাকৃতিক দুর্যোগ, শারীরিক অক্ষমতার মতো বিভিন্ন সমস্যা সমাধানের কাজে এগিয়ে আসে প্রায় ৫০টি দল। স্টলের পাশ দিয়ে হেঁটে গেলে মোবাইল ফোনের মাধ্যমে বাসার নিয়ন্ত্রণ, রাস্তায় দুর্ঘটনা এড়ানোর ব্যবস্থা—এ রকম নানান বাস্তবধর্মী প্রোজেক্টের খোঁজ মেলে এই উঠতি তরুণদের মধ্যে। প্রোজেক্টের প্রথম পুরস্কার উঠল মাটির অণুজীব থেকে বিদ্যুৎ তৈরি করে দেখানো ইশরাক ও জামিদের নিয়ে গড়া আইইউটির দলের হাতে। অন্যদিকে পোস্টার প্রেজেন্টেশনের প্রথম পুরস্কার পায় একই বিশ্ববিদ্যালয়ের আশফাক ও নাফিসদের দল।
এই আয়োজন যে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, তা কিন্তু নয়। স্কুল-কলেজের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে ব্রেইন টিজার নামের কুইজ প্রতিযোগিতার আয়োজন ছিল ওই উৎসবে। দুপুরের পর শুরু হয় ইঞ্জিনিয়ারদের জন্য খুব প্রয়োজনীয় একটি সফটওয়্যার ম্যাটল্যাব প্রতিযোগিতা। দ্রুত সময়ের মধ্যে এ কাজটি করে ম্যাটল্যাব সিগন্যাল প্রসেসিংয়ে চ্যাম্পিয়ন হন আইইউটির ফুয়াদ।
এই উৎসবের সহযোগী হিসেবে ছিল কিশোর আলো।