আগামীর দন্তচিকিৎসক
পড়ছেন মানবদেহ নিয়ে। চিকিৎসক হবেন তাঁরা। আরও স্পষ্ট করে বললে দন্তচিকিৎসক, অর্থাৎ দাঁতের চিকিৎসক। এইচএসসির পর শুরু হয়েছে উচ্চশিক্ষার নতুন পাঠ। সকাল-সন্ধ্যা ক্লাস-ক্লিনিক্যাল ওয়ার্ক। সব মিলিয়ে একটুখানি ছুটি মেলা ভার। এই ব্যস্ততার মধ্যেই কথা হলো মোদ্দাচ্ছির প্রীনন, মুক্তা দাস, নাঈমা ফেরদৌস ও অসিফুল ইসলামের সঙ্গে। এঁরা প্রত্যেকে ঢাকার সাপ্পোরো ডেন্টাল কলেজের শিক্ষার্থী।নাজিবই শুরু করলেন প্রথম। ‘পড়াশোনার চাপে এখন পিষ্ট আমরা। সারা দিন ঘণ্টা খানেক সময়ও পাই না গল্পগুজব করার জন্য।’ আর ওদিকে অনেকটা আক্ষেপ নিয়ে মুক্তা দাস বললেন, শুধু তা-ই নয়, অনেক সপ্তাহে আমরা ছুটির দিনটাও পাই না। মাঝেমধ্যে শুক্রবার ঢাকার বাইরে ক্যাম্পেইন করতে যেতে হয়।’ বিষয়টা আরও পরিষ্কার করে তুলে ধরলেন অসিফুল ইসলাম, ‘ক্লাসের ফাঁকে আমরা তো আমাদের হাসপাতালে রোগী পর্যবেক্ষণ করে থাকি। সেই সঙ্গে আমাদের সেবামূলক কাজের অংশ হিসেবে ঢাকার বাইরেও ডেন্টাল ক্যাম্পেইন করতে...’ শেষ হলো না অসিফুলের কথা। এখান থেকেই শুরু করলেন নাঈমা ফেরদৌস, ‘আমাদের প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। তাই এর প্রাপ্তিও অনেক। পাঠপর্যায়ে কাজ করতে অনেক কিছু শিখতে পারছি আবার আমাদের সেবা পেয়ে রোগী যখন সুস্থ হয়ে উঠছে, তখন ভালো লাগাটা আরও বেড়ে যায়। এও-বা কম কিসে।’আড্ডা যখন জমে উঠেছে, তখন আমাদের পাশে বসে একজন শুধু মিটমিট করে চেয়েছিলেন। ফিরে তাকাতেই নাজিব জানালেন মেয়েটির পরিচয়। ‘ওর ডাক নাম হেলেনা খাটকা। নেপাল থেকে পড়তে এসেছে।’ জিজ্ঞেস করলাম, বাংলাদেশে কেন পড়তে এসেছেন? উত্তরে বলেন, ‘আমরা যখন এইচএসসি পাস করি তখন কাঠমান্ডুতে একটি সরকারি মেডিকেল কলেজ ছিল। চাইলেও সবাই পড়তে পারত না। আর এখানকার শিক্ষার মান তুলনামূলক ভালো এবং খরচও কম। তাই পড়তে চলে এলাম বাংলাদেশে।’একটা প্রশ্ন তো থেকেই যায়, এই ডেন্টাল কলেজে পড়তে চাইলে কী করতে হবে?উত্তর এল, এবার মেডিকেল ভর্তি পরীক্ষার মেধাস্কোরে যাঁরা ন্যূনতম ১২০ স্কোর সংগ্রহ করতে পেরেছেন, তাঁরা এখানে ভর্তির জন্য বিবেচিত হতে পারবেন।সময় গড়িয়ে যাচ্ছে, সবাই কেমন যেন ইতস্তত। কিছুক্ষণ এদিক-ওদিক তাকিয়ে মুক্তা দাস বলে উঠলেন, ‘এই, এখনই তো ক্লিনিক্যাল আওয়ার শুরু হয়ে যাবে, চল চল।’