আগামীর নেতা লেমনা চন্দ
বিশ্বজুড়ে গণতন্ত্র, মানবাধিকার ও ব্যক্তিস্বাধীনতা নিয়ে কাজ করা তরুণদের ফেলোশিপ দেয় যুক্তরাষ্ট্রের ম্যাককেইন ইনস্টিটিউট। ১০ মাসের এ ফেলোশিপের নাম ‘ম্যাককেইন গ্লোবাল লিডারশিপ প্রোগ্রাম’। বিভিন্ন দেশের ২৬ জন তরুণ অংশ নিয়েছেন এবার। যাঁদের মধ্যে আছেন বাংলাদেশের লেমনা চন্দ। তাঁর কথা শুনলেন এইচ এম ফজলে রাব্বী
অনেক আগে থেকেই পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করার ইচ্ছা। কিন্তু নানা কারণে সেটা আর হয়ে উঠছিল না। আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা ও নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করতে গিয়ে একসময় লেমনা চন্দের মনে হলো, আর বসে থাকা চলে না, এবার কিছু একটা করা দরকার। শুরু করলেন বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম। সে ধারাবাহিকতাতেই ২০১৭ সালে গড়ে তুললেন ‘আওয়ার কজ’। নারীদের মাঝে ভূমি অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে ডিজিটাল শিক্ষা ও আর্থিক ব্যবস্থাপনার প্রসার ও বৈষম্য হ্রাস নিয়ে কাজ করে এ সংস্থা। ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষের মধ্যে চলে তাদের কার্যক্রম। বাংলাদেশ ছাড়াও কানাডা, যুক্তরাষ্ট্র ও রুয়ান্ডাতেও বিস্তৃত হয়েছে তাদের কার্যক্রম।
নেতৃত্বদানের এমন দক্ষতার জন্যই ‘ম্যাককেইন গ্লোবাল লিডারশিপ প্রোগ্রাম’ নামের ফেলোশিপ পেয়েছেন লেমনা চন্দ। গত মার্চে শুরু হওয়া এ প্রোগ্রামের লক্ষ্য হচ্ছে, এমন নেতা তৈরি করা যারা সমাজে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করবে। বিশেষ করে মানবাধিকার আর গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে কাজ করবে। লেমনা চন্দ বলছিলেন, ‘আমাকে নেতৃত্বের নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ বছর এ ফেলোশিপের আওতায় এশিয়ার মানবাধিকার ও পরিবেশবিষয়ক একটি প্রকল্পে অংশ নিতে আমার দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম যাওয়ার পরিকল্পনা আছে।’
লেমনা চন্দের জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। পড়াশোনার শুরু ম্যাপললিফ ইন্টারন্যাশনাল স্কুলে। ২০০১ সালে চলে যান কানাডা। সেখানকার ইউনিভার্সিটি অব টরন্টো থেকে ‘ইন্টিগ্রেটিভ বায়োলজি অ্যান্ড হেলথ স্টাডিজ’ বিষয়ে স্নাতক করেছেন। এরপর আইন বিষয়ে পড়তে চলে যান যুক্তরাজ্য। ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে ২০১২ সালে এলএলবি ডিগ্রি লাভ করেন। ২০১৭ সালে লিংকন’স ইন থেকে অর্জন করেন বার-অ্যাট-ল ডিগ্রি।
‘আওয়ার কজ’ থেকে পরিচালিত হচ্ছে নানা ধরনের উদ্যোগ। এগুলো বাস্তবায়ন করছেন সংস্থার পরিচালনা পর্ষদ। মাঠপর্যায়ে আছে স্বেচ্ছাসেবকেরা। নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করার জন্য ২০১৬ সালে তিনি পেয়েছেন জাতিসংঘের ‘চ্যাম্পিয়নস ফর চেঞ্জ’ পুরস্কার। তা ছাড়া যুক্তরাজ্যে সংখ্যালঘু নারীদের ক্ষমতায়ন নিয়ে কাজ করে পরপর দুবার হয়েছেন ‘এথনিক মাইনরিটি ফিউচার লিডার’।
বিদেশের মাটিতে একজন বাংলাদেশি হিসেবে কিছু অর্জন করতে কেমন লাগে জানতে চাইলে লেমনা বলেন, ‘নিজ দেশকে প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার মতো গর্বের আর কিছু নেই। বাংলাদেশি হয়ে আমি সব সময়ই গর্ববোধ করি।’
যুক্তরাজ্যে ব্যাংকিং ও বিনিয়োগবিষয়ক আইন নিয়ে কাজ করে থাকেন লেমনা। এ ছাড়া তিনি ‘কমনওয়েলথ বিজনেস উইমেনস নেটওয়ার্ক লিমিটেড’-এর একজন উপদেষ্টা এবং জাতিসংঘের ‘উইমেন্স অ্যাডভাইজারি কাউন্সিল’-এর নির্বাহী কমিটির সদস্য। যুক্তরাজ্য এবং বাংলাদেশে এক হাজারের বেশি যুবককে নানা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন তিনি। এ ছাড়া যৌনকর্মী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং বাংলাদেশের বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গেও কাজ করে থাকেন।