২৬ এপ্রিল ২০১২। ঘড়ির কাঁটা ১০টা ছুঁই ছুঁই। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রের কার্নিভাল হলে অধীর আগ্রহে বসে আছেন প্রায় সাড়ে চার শ তরুণ ছেলেমেয়ে। দেশের একেক প্রান্ত থেকে তাঁরা ছুটে এসেছেন এখানে; চট্টগ্রাম, ময়মনসিংহ, পটুয়াখালী, রংপুরসহ দেশের নানা জায়গা থেকে। সবার একই উদ্দেশ্য, আগামী দিনের তরুণ নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলা।সারা দেশের প্রায় দুই হাজার আবেদনকারীর মধ্য থেকে বাছাই করা ৪৫০ প্রতিনিধি আর নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত স্বনামধন্য ৫০ জন বক্তা নিয়ে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) আয়োজন করে তিন দিনব্যাপী ‘ইয়ুথ লিডারশিপ সামিট ২০১২’।এই সম্মেলনে চোখে পড়ার মতো ছিল অংশগ্রহণকারীদের নিজেদের বৈচিত্র্য। বাংলা, ইংরেজি, মাদ্রাসা—তিন মাধ্যমের শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়েছিল এই সম্মেলন। স্কুল, কলেজ, বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়—এমনকি বিভিন্ন দেশি-বিদেশি সংস্থায় কর্মরত তরুণ পেশাজীবীরাও ছিলেন প্রতিনিধি হিসেবে। কোনো নির্দিষ্ট বিষয়ের জ্ঞান বা অভিজ্ঞতার প্রাধান্য নয়, নেতৃত্ব দেওয়ার অদম্য ইচ্ছাতেই এক হয়েছিলেন সবাই। এ যেন বৈচিত্র্যময় বাংলাদেশের তরুণসমাজের প্রতিচ্ছবি, যাঁদের নিয়ে স্বপ্ন দেখে গোটা বাংলাদেশ। উল্লেখ্য, গত বছর ২০০ জনপ্রতিনিধি নিয়ে বিওয়াইএলসি প্রথমবারের মতো আয়োজন শুরু করে এই সম্মেলনের।সম্মেলনের প্রথম দিনে উদ্বোধনী বক্তব্য দেন বিশ্ব সাহিত্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ, যুব ও ক্রীড়াসচিব মাহবুব আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা আলী যাকের এবং বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের প্রেসিডেন্ট এজাজ আহমেদ। আবদুল্লাহ আবু সায়ীদ তাঁর উদ্দীপনাময় বক্তব্যে উপস্থিত তরুণদের বলেন যে কী অমিত সম্ভাবনা তাদের ভেতর লুকিয়ে আছে, তা তারা নিজেরাও জানে না। সেই সুপ্ত সম্ভাবনার দৈত্যকে জাগিয়ে তুলতে হবে, নিজের অন্তর্নিহিত সত্তা ও বিবেকের ওপর গভীর আস্থা রাখতে হবে, যা অযৌক্তিক তার প্রতিবাদে রুখে দাঁড়াতে হবে, তবেই নেতা হওয়া যাবে।উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় মূল সম্মেলন, সাড়ে চার শ তরুণ-তরুণীর জন্য যা ছিল এক বিশাল অভিজ্ঞতা। এই সম্মেলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন বক্তা এসেছিলেন পৃথিবীর অন্যতম সেরা দুটি বিশ্ববিদ্যালয় থেকে। ড. ম্যাক্স ক্লাউ তাঁর পিএইচডি সম্পন্ন করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে, এখন কাজ করছেন যুক্তরাষ্ট্রের প্রতিবছর ঝরে পড়া শিক্ষার্থীদের উন্নয়নের জন্য গড়ে তোলা একটি সংস্থায়। অপর দিকে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে এসেছিলেন সেখানকার অধ্যাপক ড. জো সুয়ে। প্রচলিত ধারণা যেখানে বলে নেতৃত্ব জন্মগত প্রতিভা, কিংবা নেতা এমনিতেই নেতা হয়ে ওঠেন। ড. ম্যাক্স ও ড. জো এই দুজনের প্রাণবন্ত উপস্থাপনায় চারটি সেশন সম্পন্ন করে নেতৃত্বের খুঁটিনাটি জানার পর উপস্থিত সবার সেই ভুল ধারণা যেন একদম ভেঙে যায়।ছোট ছোট দলে ভাগ হয়ে নানা কাজ করতে করতে তরুণ প্রতিনিধিরা নিজেদের নতুনভাবে আবিষ্কার করেন, তাঁদের দৃষ্টিভঙ্গি বদলে যায়, নিজেদের গুণাবলি আর সীমাবদ্ধতা দুটোই তাঁরা উপলব্ধি করেন। এ যেন আয়নায় নিজেদের নতুনভাবে দেখা, সাধারণ মানুষ হিসেবে নয়, বাংলাদেশের সম্ভাবনাময় নেতা হিসেবে! জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী আনতারা ইসলাম বলেন, ‘এখানে যা শিখেছি, তা বিশ্ববিদ্যালয় কিংবা বাইরে থেকে কখনো জানা হতো না। নিজের পড়াশোনার বিষয়ের সম্পূর্ণ বাইরের জিনিসগুলো নিয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে জানার এত বড় সুযোগ সত্যিই অভাবনীয়।’ইউএনডিপি থেকে তরুণ পেশাজীবী হিসেবে আসা শাহরীন শ্রাবণ বলেন, ‘আমাদের সমাজে যখন কেউ কাউকে বিশ্বাস করতে চায় না, ভয় পায়, তখন এখানে এসে মনে হচ্ছে আমরা সবাই মিলে একটি পরিবারের মতো আপনজন।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমাম হোসেন বলেন, ‘আমি এ আয়োজন উপলক্ষে বার্ষিক পরীক্ষা ফেলে মনের টানে ছুটে এসেছি ঢাকায়। এখন বুঝতে পারছি, না আসলে কতটা মিস করতাম সবাইকে।’কে কোন আলোচনায় উপস্থিত থাকবেন, তা বেছে নেওয়ার সময় একটি বিষয় ছিল চোখে পড়ার মতো। প্রতিনিধিদের বেশির ভাগই নিজেদের পড়াশোনার বাইরে নতুন বিষয় বেছে নিতে চেয়েছেন, ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থী বেছে নিয়েছেন প্রযুক্তি, আবার কৃষিবিজ্ঞানের শিক্ষার্থী বেছে নিয়েছেন সুশাসন শিরোনামের আলোচনা। নিজের পরিচিত গণ্ডির বাইরে বেরিয়ে পড়ে জানার, শেখার যে অদম্য কৌতূহল, তা স্পষ্ট ফুটে উঠছিল তরুণ প্রতিনিধিদের চোখমুখে। শুধু একের পর এক বক্তৃতা আর গুরুগম্ভীর আলোচনা নয়, লিডারশিপ সামিটে তারুণ্য আর নেতৃত্বের স্ফূরণ ঘটে চলছিল প্রতি মুহূর্তে, প্রতিটি কাজে। খাবার টেবিলে শুধু খাওয়াই নয়, চলছে একে অন্যকে চেনা, জানা আর মনে খুলে কথা বলা। কথা বলতে বলতে উঠে আসছে মুক্তিযুদ্ধ, রাজনীতি, নতুন ভাবনা, সমাজসেবার ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ, সম্ভাবনা, বাধা-বিপত্তি—সবকিছু। তিন দিনের সংক্ষিপ্ত সময়ে সবাই যতটা পেরেছে একে অপরকে জানতে চেষ্টা করেছে, শিখতে চেষ্টা করেছে। সম্মেলন শেষে যখন বাহ্যিকভাবে সবাই একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন, তখন ফেসবুকে লিডারশিপ সামিটের প্রতিনিধিদের জন্য তৈরি করা গ্রুপের দেয়াল ভরে গেছে একের পর এক বার্তায়। বয়স, পেশা, স্থান, সামাজিক অবস্থা—সবকিছুর ঊর্ধ্বে উঠে সাড়ে চার শ তরুণ এখন একটি পরিবার।