সময়টা বড় অস্থির। আরও অস্থির এই সময়ের তারুণ্য। চৌপর দিন কেবল ক্যারিয়ার ক্যারিয়ার...। তবু এই যান্ত্রিক সময়ের ফাঁক গলে কেউ কেউ তো মুহূর্তের জন্য মুখটা তুলে আকাশ দেখেন। পাতার ফাঁকে আলোর নাচন দেখে কেউ কেউ তো লিখেও ফেলেন দু-চার ছত্র কাব্যকথা! তাঁরা কারা? তাঁরা কবি, সাহিত্যিক অথবা লেখক। এ রকম একঝাঁক নবীন লেখক ১৮ মে পাবলিক লাইব্রেরির মিলনায়তনে হয়েছিলেন সমবেত। তাঁদের আসরে আরও যোগ দিয়েছিলেন প্রবীণ লেখক, পাঠক ও প্রকাশকেরা। উদ্দেশ্য, লেখক-পাঠক-প্রকাশকের মধ্যে মেলবন্ধন তৈরি করা। এবং তৈরি করা নবীন লেখকদের জন্য একটি প্ল্যাটফর্ম। এই উদ্দেশ্য সামনে রেখে তাঁরা একটি সংগঠনও দাঁড় করিয়েছেন, যার নাম ‘অনুপ্রাণন’। আর অনুপ্রাণনের আয়োজনেই সেদিন অনুষ্ঠিত হলো ‘নবীন লেখক সমাবেশ ২০১২’।সেদিনের নবীন লেখক সমাবেশ শুরু হয় হোসনে আরা বেগমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে, বিকেল চারটায়। আবু এম ইউসুফের সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, কবি ও মুক্তিযোদ্ধা হাজেরা নজরুল, কবি ও সাংবাদিক সোহরাব হোসেন, চলচ্চিত্র নির্মাতা ও গবেষক মশিউদ্দিন শাকের, কথাসাহিত্যিক পারভেজ হোসেন, ড. সরদার ফারুক প্রমুখ। বিজ্ঞজনদের বক্তব্যের ফাঁকে ফাঁকে অনুষ্ঠিত হলো মূল প্রবন্ধ পাঠ, সাহিত্য পত্রিকা ‘সৃষ্টির’ মোড়ক উন্মোচন, গানের পরিবেশনা ও স্বরচিত লেখা পাঠ।অনুষ্ঠানে কবিতার পালাবদল বিষয়ে মূল প্রবন্ধ পাঠ করেন রেজোয়ান তালুকদার। তিনি তাঁর প্রবন্ধে চর্যাপদের যুগ থেকে আধুনিক কাল পর্যন্ত কবিতার পালাবদল তুলে ধরেন।তারপর সৃষ্টির মোড়ক উন্মোচন করেন কবি ও মুক্তিযোদ্ধা হাজেরা নজরুল। অনুষ্ঠানে সবচেয়ে আলোচিত পর্ব ছিল নবীন লেখকদের স্বরচিত লেখা পাঠ। এই পর্বে নিজের লেখা পাঠ করলেন এলিজা আজাদ, ফেরদৌস হাসান খান, জে এম আজাদ, কুয়াশা ভালোবাসা (ছদ্ম নাম), আফরোজা খানম, জাবেদ আলম ও সাদাত শাহরিয়ার। প্রকাশকদের সঙ্গে মতবিনিময়ের পর্বও কম জমজমাট ছিল না। এই পর্বে উঠে আসে নবীন লেখকদের লেখা প্রকাশের ব্যাপারে নানা অনুষঙ্গ। সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীতশিল্পীরা।