আগামীর যন্ত্রপ্রকৌশলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলছে আইইউটি মেক্সিলারেশন উৎসব
চলছে আইইউটি মেক্সিলারেশন উৎসব

মেক্সিলারেশন নামটি এসেছে মেকানিক্যাল ও এক্সিলারেশন নাম দুটির সমন্বয়ে। যান্ত্রিক এই জীবনের যন্ত্রণাকাতর বিষয়গুলো থেকে মুক্তির লক্ষ্যে যন্ত্রমানবের সহায়তায় জীবনকে কীভাবে গতিময় করা যায়, সেটাই ছিল মূলত অনুষ্ঠানের উদ্দেশ্য। বলছিলাম ২৮ আগস্ট গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) প্রাঙ্গণে আইইউটির মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত মেক্সিলারেশন ২০১৫-এর কথা।
মূলত বাংলাদেশে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের গবেষণা ও আবিষ্কারকে একটি প্রতিযোগিতামূলক রূপ প্রদান এবং মানুষের কাছে প্রকৌশলবিদ্যার এই বিশেষ শাখার বিভিন্ন সম্ভাবনাময় চিত্র তুলে ধরতেই এ উৎসবের আয়োজন।
এবারের উৎসবে ৪০টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শ পাঁচেক শিক্ষার্থীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় আন্তবিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রতিযোগিতা। যার মধ্যে মেকানিকস অলিম্পিয়াড থেকে শুরু করে ক্যাড প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, প্রজেক্ট উপস্থাপন, বিজনেস আইডিয়া এবং সব থেকে বড় ও গুরুত্বপূর্ণ রোবটিকস কম্পিটিশনও ছিল। ইভেন্টগুলোর মধ্যে প্রজেক্ট শোকেসিং এবং সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়।
উল্লেখ্য, প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য ছিল সর্বমোট ১ লাখ ২৫ হাজার টাকার পুরস্কার। আয়োজনের মূল আকর্ষণ রোবোটিকস প্রতিযোগিতায় বিজয়ী হয় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দলটি এবং দ্বিতীয় স্থান অর্জন করে আইইউটি। শাবিপ্রবি দলের সদস্যরা হলেন ফারহানুল ইসলাম, রাগিব শাহরিয়ার ও শাখাওয়াত হোসেন। আর আইইউটি দলের সদস্যরা হলেন ইন্তিশার নুর, মাহমুদুল আলম সাকিব, আবদুল্লাহ আল নোমান ও সিফাত উল হক।
এ প্রতিযোগিতার প্রধান অতিথি ছিলেন আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ড. এম এইচ খান। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইমেক যুক্তরাজ্যের বাংলাদেশ প্রতিনিধি মি. ডেভিড হাউ। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম ইমতিয়াজ হোসেন।