সিটিজি ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
আগামীর সুন্দর পৃথিবী রচিত হবে তরুণদের হাত ধরেই

যুব সমাজকে নিয়ে যখন উদ্বেগ আর উৎকণ্ঠা চারপাশে, এই সময়ে একঝাঁক তরুণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। মানুষের জীবন বাঁচাতে রক্তের জোগান দিয়ে চলেছে। আমরা আশাবাদী ভবিষ্যতে এই তরুণেরাই এই সমাজকে এগিয়ে নিয়ে যাবে। আগামীর সুন্দর পৃথিবী রচিত হবে তাঁদের হাত ধরেই।
সিটিজি ব্লাড ব্যাংকের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত রক্তদাতা ও স্বেচ্ছাসেবী ৪৮টি সংগঠন ও ৩৩টি সহযোগী সংগঠনের সদস্যদের মিলনমেলায় বক্তারা এসব কথা বলেন। গত সোমবার নগরের শিশু একাডেমিতে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজি ব্লাড ব্যাংক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক শাহেদ আহম্মদ চৌধুরী, চট্টগ্রাম জেলা শিশু একাডেমির শিশু সংগঠক নার্গিস সুলতানা, বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রামের বিভাগীয় প্রধান সেতারা গাফফার চৌধুরী, মেজর মোহাম্মদ ইমরান, অহনিশ ফিল্মসের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান আল বান্না ও রানার্স অ্যাসোসিয়েটসের প্রেসিডেন্ট মঈনুল কাদের।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, তরুণেরাই যেকোনো সংকটকালে জাতিকে দিশা দেখিয়েছে। তাদের সাহসী ও সময়োপযোগী কর্মকাণ্ডের ফলেই দেশের অগ্রগতি ত্বরান্বিত হয়েছে। সিটিজি ব্লাড ব্যাংক-এই সংগঠনের উদ্যোক্তা ও কর্মীরা এখন মানবতার অনন্য দৃষ্টান্ত। তাদের দেওয়া রক্তে জীবন ফিরে পাচ্ছে অসংখ্য মুমূর্ষু রোগী।
প্রতিষ্ঠাতা অ্যাডমিন ইমরান ইমুর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে সিটিজি ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সদস্য ফরহাদ মোহাম্মদ কাওছার বলেন, ‘২০১২ সালের ১২ ডিসেম্বর ১২ জন সদস্য সিটিজি ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করে। গত ৪ বছরে এই সংগঠনের সদস্য সংখ্যা ২ লাখ ৩০ হাজার, যাঁরা সারা দেশব্যাপী ছড়িয়ে আছে। রক্ত চেয়ে আমাদের কাছে কেউ বিফল হয়েছেন এমন নজির নেই। এই ধারা অব্যাহত রাখতে আমরা সদা প্রস্তুত।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ইমাম হোসেন, মাসুদুর রহমান, সূর্য দাস, নতুন সদস্য আক্তার হামিদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কেক কেটে চতুর্থ বর্ষপূর্তি উদ্যাপন করেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা।
মুক্তিযোদ্ধা সম্মাননা দেওয়া হয় আলো রাণী বৈদ্যকে। বিশ্রামগঞ্জ হাসপাতালে আহত মুক্তিযোদ্ধাদের সেবায় নিয়োজিত ছিলেন তিনি।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সম্মাননা, রক্তদাতা, স্বেচ্ছাসেবী সংগঠন, ১২ জন প্রতিষ্ঠাতা সদস্য (অ্যাডমিন) ও ব্যক্তি সম্মাননা, বেস্ট ডিসিপ্লিন অ্যাওয়ার্ড, রক্তদাতা ছবি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যা ফল ড্রয়ে আয়োজন করা হয়। এ ছাড়া বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিন রক্তনীড়-এর মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা।