আগুন জ্বালিয়ে আদিবাসীদের শীত নিবারণ
উখিয়ার পালংখালী ও জালিয়াপালং ইউনিয়নের আদিবাসীরা প্রচণ্ড শৈত্যপ্রবাহে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। শীত মোকাবিলার জন্য এদের কোনো শীতবস্ত্র নেই। পালংখালী ইউনিয়নের মুছারঘোনা ও তেলখোলা গ্রামে দেড় শ এবং জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া ও মনখালীতে দুই শর মতো আদিবাসী পরিবার রয়েছে। তাঁরা জুমচাষ ও ক্ষেতে কাজ করে জীবিকা নির্বাহ করে। বসবাস করেন টিলার ওপরে পাতার বেড়া দিয়ে তৈরি ঘরে। বেশির ভাগেরই বাড়িতে চালা-বেড়া নেই। চৈত্রে ছনপাতা আর খড়ি দিয়ে ঝুপড়িঘরের সংস্কার করে তাঁরা বছর পার করে দেন। সম্প্রতি থাইংখালীর তেলখোলা উপজাতি গ্রামে দেখা যায়, ভাঙাচোরা ঘরে থাকেন বৃদ্ধ মহিলা মুমগউ চাকমা (৬২)। তিনি ঘরের ভেতর থেকে দুটি পাতলা কাঁথা এনে দেখান এবং বলেন, ‘মুই এগুন দিয়েনে শীত সামালি। লাইতে বেচি শীত পরে। অইনর আইল্ল্যা দি গরম লই।’ (আমি এগুলো দিয়ে শীত সামাল দিই। রাতে বেশি ঠান্ডা পড়ে। আগুনের কয়লা ভর্তি মাটির পাতিল থেকে শরীর গরম করি।)তেলখোলার হেডম্যান লউক্ষ্য চাকমা, সমাজসর্দার রংচাউদো কারবারি, মুছারখোলার হেডম্যান চানু অং চাকমা, মনখালীর মংছাজাই চাকমা ও মাদারবনিয়ার অংলাইগ্যা কারবারি জানান, রাত হলে পাড়ায় মানুষ আগুন জ্বালিয়ে বাড়ি গরম করেন এবং জলন্ত আগুনের গরম পাতিল বিছানার পাশে রেখে রাত কাটিয়ে দেন। এতে মাঝেমধ্যে অনেকের ঘর বাড়ি পুড়ে যায়। তবুও ঠান্ডা সহ্য করতে না পেরে এরকম ঝুঁকি নেন তাঁরা। জালিয়াপালং ও পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী এবং মাযহারুল আনোয়ার চৌধুরী এ প্রসঙ্গে বলেন, কনকনে শীতে আদিবাসী পরিবারগুলো অত্যন্ত কষ্টের মধ্যে রাত কাটাচ্ছে। সরকারিভাবে শীতবস্ত্র বরাদ্দ না পাওয়ায় তাঁদের বিতরণ করা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ গোলামুর রহমান বলেন, ‘সরকারিভাবে শীতবস্ত্র বরাদ্দ পেলে আগে আদিবাসীদের দেওয়া হবে। চেয়ারম্যানদের সঙ্গে আলাপ করে ইতিমধ্যে কিছু করা যায় কিনা দেখছি।’