আগুন নিয়ে খেলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফায়ার স্পিনিং চলছে নিপুণ দক্ষতায়
ফায়ার স্পিনিং চলছে নিপুণ দক্ষতায়
মোহনীয় ভঙ্গিতে একজন ‘ফায়ার স্পিনার’
মোহনীয় ভঙ্গিতে একজন ‘ফায়ার স্পিনার’

সে এক আজব কসরত। জাদুর মতো।বাজনার তালে তালে জাদুকরকে ঘিরে ঘুরতে থাকে আগুনের গোলক, তৈরি হয় এক আশ্চর্য হলুদ বলয়। বসে, শুয়ে, এমনকি পেছন দিকে ধনুকের মতো বাঁকা হয়েও ‘আগুন-শিল্পীদের’ কবজি ঘোরে দারুণ দক্ষতায়। লেখার আগে ভাবছিলাম, শিরোনাম হবে ‘আগুন নিয়ে খেলা’। বাদ সাধলেন সুহৃদ সাঈদ। কথায় কথায় বলছিলেন, ‘অনেকে বলে আগুনের খেলা, কেউ বলে ফায়ার ড্যান্স, কিন্তু আমরা চাই মানুষ একে ফায়ার স্পিনিং নামেই চিনুক। এটা খেলাও নয়, নাচও নয়, এটা একধরনের আর্ট।’

অগ্নিচক্র
অগ্নিচক্র

সুহৃদ ফায়ার স্পিনিং করছেন বেশ কয়েক বছর হলো। কথা হলো আরও অনেকের সঙ্গে। আমরা মামুলি দর্শক, বিভিন্ন কনসার্ট-উৎসব-আয়োজনে মুগ্ধ চোখে ফায়ার স্পিনিং দেখেছি। কখনো প্রশংসার হাততালি দিয়ে, কখনো বিস্ময়ের চিৎকার করে ভিড়ের সঙ্গে থেকেছি।
ভেতরে যে এত নেশা, এত গল্প, এত ইতিহাস—কে জানত!
শুরুর গল্পটা বললেন ইশরাক ঢালী। ‘বন্ধু সামিয়া বোস্টন থেকে ফায়ার স্পিনিং শিখে এসেছিল। ও যখন প্রথম উত্তরায় একটা অনুষ্ঠানে ফায়ার স্পিনিং করল, মুগ্ধ হয়ে গিয়েছিলাম।ভাবছিলাম, যে করেই হোক, এটা শিখতে হবে। একসময় আমাদের সঙ্গে যোগ হলো আরও দুই বন্ধু আশিক আর সুপান্থ। ২০০৩ সালে চারজন মিলে নিবন্ধন করিয়ে একেবারে আটঘাট বেঁধে শুরু করলাম ফায়ার স্পিনিংয়ের দল, নাওর।’ গত ১১ বছরে একটা অবস্থানে পৌঁছে গেছে নাওর। বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া ছাড়াও ফায়ার স্পিনিংয়ের প্রশিক্ষণ দিচ্ছে তারা। সামিয়া সেলিম, আশিক সেলিম আর সুপান্থ কাজি ইমাম—তিনজনই আছেন দেশের বাইরে। ইশরাক ব্যস্ত বিজ্ঞাপনী সংস্থার কাজ নিয়ে। তবে তাঁদের শিক্ষার্থীরাই বিভিন্ন সময় নাওরের হাল ধরেছেন। তাঁদের মধ্যে একজন দীপ্র জানালেন ফায়ার স্পিনিংয়ের ইতিহাস, ‘নিউজিল্যান্ডের মাওরি আদিবাসীরা প্রথম এ ধরনের একটা আর্ট শুরু করেছিল। পরে ফায়ার স্পিনিং নামে এটা সারা বিশ্বে ছড়িয়ে গেছে।’

মুগ্ধ করে আগুনের ফুলকি
মুগ্ধ করে আগুনের ফুলকি

আলোকিত অগ্নিশিখা
ফায়ার স্পিনিংয়ের আরেকটি দল অগ্নিশিখা। কথায় মনে হলো, শো করার ব্যাপারে তাদের আগ্রহ কম। এখানেও চার বন্ধু মিলে অগ্নিশিখা ‘জ্বালিয়েছিলেন’, কথা হলো তাঁদের মধ্যে একজন মো. ইফতেখারুল ইসলামের সঙ্গে। বলছিলেন, ‘গান জানলেই যে অ্যালবাম বের করতে হবে তা তো না। কেউ তো নিজের জন্যও গান করতে পারে। ব্যাপারটা অনেকটা তেমন। এইচএসসির পর যখন কয়েকজন বন্ধু মিলে ফায়ার স্পিনিং শুরু করি, এটা ছিল একটা নেশার মতো। নাওয়া-খাওয়া বাদ দিয়ে দিন-রাত চর্চা চলত। সব সময় নতুন কিছু করার চেষ্টা করতাম।’ সে চেষ্টা থেকেই ইফতেখারুলেরা অনেক সময় স্পিরিট-কেরোসিনের সঙ্গে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করেছেন, দেখেছেন আগুনের অবাক করা সব রং!
ফায়ার স্পিনিংয়ের প্রতি টানটা আসলে কেমন? উত্তর দিতে গিয়ে সব ফায়ার স্পিনারই সঠিক শব্দটা হাতড়ে বেড়ালেন। ঠিক যেন বোঝাতে পারছিলেন না। কিছুটা ধরা গেল আরেক ফায়ার স্পিনার নাবিলা রায়হানের কথায়। ‘আগুনটা যখন ঘোরে, একধরনের শোঁ শোঁ শব্দ হয়। এই শব্দ, কেরোসিনের গন্ধ, আগুনের আঁচ—সব মিলিয়ে মস্তিষ্কে যে অ্যাড্রেনালিন ক্ষরণ হয়, তার মজা আসলে বলে বোঝানো যাবে না!’

সুরের তালে তালে চলে আগুনের ছোটাছুটি
সুরের তালে তালে চলে আগুনের ছোটাছুটি