আশপাশে কোথাও আগুন লেগেছে। এটা চিন্তা করেই ভয় পেতেন। তার ওপর যখন লাল রঙের গাড়িটা সাইরেন বাজিয়ে আসতে থাকত, দৌড়ে পালিয়ে যেতেন। সে মানুষটি এখন কাজ করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে। তিনি নাসরীন সুলতানা। তিন বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন স্টেশন অফিসার পদে। ২৪ ঘণ্টাই প্রস্তুত থাকেন। অগ্নিকাণ্ড ও দুর্ঘটনার খবর পেলেই ছুটে যান মোকাবিলার জন্য।নাসরীন সুলতানা, স্টেশন অফিসার, লালবাগ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, ঢাকা। সাক্ষাৎকারের শুরুতেই তিনি বলছিলেন আগুনভীতির কথা। বাংলাদেশের ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশনের একমাত্র নারী স্টেশন অফিসার, যিনি দুর্ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তের মধ্যে নিয়ে আসার জন্য সব রকম দিকনির্দেশনা দিয়ে থাকেন। ২৮ বছর ধরে এ প্রতিষ্ঠানে কাজ করছেন। কিন্তু কখনো ভাবেননি, অলিগলিতে ঘুরে মানুষের জীবন বাঁচাবেন! তিনি বলেন, প্রথম যেদিন আমাকে পদোন্নতির কথা জানাল, বেশ ভয় পেয়ে গিয়েছিলাম! এর আগে আমি তিনবার আমার পদোন্নতিতে বাধা দিয়েছিলাম। দুর্যোগ ও অগ্নিকাণ্ডে সরাসরি মানুষের মধ্যে গিয়ে কাজ করতে সাহস পাইনি।’ তিনি সাহস পেয়েছিলেন এবং পেয়ে যাচ্ছেন স্বামী ও সহকর্মীদের কাছ থেকে। ২০১২ সালের ফেব্রুয়ারিতে কন্ট্রোল রুমের মোবিলাইজিং অফিসার থেকে স্টেশন অফিসার হিসেবে যোগ দেন লালবাগ ফায়ার সার্ভিস স্টেশনে। লালবাগ ফায়ার স্টেশনের ৩৫ জন কর্মীর মধ্যে তিনিই একমাত্র নারী।গত তিন বছরে মোট ১৭৫টি জায়গায় গিয়ে আগুন নিভিয়েছেন তিনি। অগ্নিকাণ্ড ও দুর্যোগের স্থানে কারও মাথা ঠিক থাকে না। নিজের ঘর বাঁচানোর জন্য মানুষ মরিয়া হয়ে ওঠে। তেমনি অন্যের সম্পদ চুরি করার জন্যও এটা মোক্ষম সময়। এই হুটপাটের মধ্যে নিজের নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রথমদিকে কিছুটা দুশ্চিন্তা করতেন নাসরীন। ‘দুর্ঘটনাস্থলে আমাদের কর্মীরা যে যার কাজে ব্যস্ত থাকে। ওখানে তখন প্রচুর মানুষ থাকে। অনেক ধাক্কাধাক্কি হয়। প্রথমদিকে তিনি নিরাপত্তা নিয়ে কিছুটা অস্বস্তি বোধ করতেন। কিন্তু কাজ তো করে যেতে হবে। আত্মবিশ্বাস আর সাহসিকতার মধ্য দিয়েই ভয়কে জয় করে নিয়েছি’ তিনি।নাসরীন সুলতানার প্রথম তিনটি কাজ হচ্ছে লোকবল ঠিক রাখা, টার্ন আউট (৩০ সেকেন্ডে বড় গাড়ি, ছোট গাড়ি বের হওয়া) সঠিক রাখা, গাড়ি ও গাড়ির পাম্পের মান ধরে রাখা। এ ছাড়া অফিশিয়াল ডেকোরাম ঠিক রাখা। সহকর্মীদের অর্থনৈতিক, শারীরিক ও মানসিক খোঁজখবর রাখা, কম্পাউন্ড পরিষ্কার করা—সবকিছুই তাঁর নখদর্পণে থাকতে হবে। অগ্নিকাণ্ড ও দুর্ঘটনার স্থানে গিয়ে একঝলকে পুরো জায়গার পরিস্থিতি বুঝে নেন তিনি। এরপর তাঁর অধীনে কর্মরত প্রত্যেক ব্যক্তিকে দিকনির্দেশনা দেন। আগুন নেভানো, ভেঙে পড়া বাড়ির নিচ থেকে মানুষের জীবন বাঁচানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেন। এ সময় কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ রাখেন। আগুন লাগলে নির্দিষ্ট স্থানের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া, অতিরিক্ত পানির গাড়ি লাগবে কি না, কোন স্থান থেকে অতিরিক্ত পানির সংযোগ পাবেন, কোন স্থানটির কাজ আগে করবেন—সবকিছুই তাঁর উপদেশমতো চলে।‘সর্বনাশ! এ তো দেখি মহিলা!’ ঘটনাস্থলগুলোয় এ ধরনের কথা শুনতে শুনতে অনেকটাই অভ্যস্ত তিনি। তবে নিজের কাজ দিয়েই সবার আস্থা অর্জন করেছেন। আগুনে সবকিছু পুড়ে যাওয়া মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন। যত দিন এ পেশায় আছেন, নারী হিসেবে নয়, একজন নিষ্ঠাবান কর্মী হিসেবে কাজ করে যেতে চান।