আগুন নেভাবেন নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিমা খানম,লাসমিনা সুলতানা,খালেদা ইয়াসমিন ও কানিজ ফাতিমা
লিমা খানম,লাসমিনা সুলতানা,খালেদা ইয়াসমিন ও কানিজ ফাতিমা

আনোয়ারুল হক জানান, জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। পুরুষের পাশাপাশি নারী সদস্যরাও দুর্ঘটনার শিকার হন। নারী সদস্যের মাধ্যমে নারীদের উদ্ধার করা গেলে কাজটা অনেক সহজ হয়, সেবার মানও বাড়ে। তিনি বলেন, একই ব্যাচে তাঁদের সঙ্গে আরও ১৪৮ জন পুরুষ সদস্য নিয়োগ পেয়েছেন। পুরুষ ও নারী সদস্যেদের কাজের ক্ষেত্রে কোনো পার্থক্য থাকবে না।

২৫ মের কুচকাওয়াজে তিন নম্বর কন্টিনজেন্টের কমান্ডারের দায়িত্বে ছিলেন খালেদা ইয়াসমিন। অন্য তিন নারী সদস্য ছিলেন ডেপুটি কমান্ডার। এই চারজনের নেতৃত্বে তিন নম্বর কন্টিনজেন্টের ৬৫ জন পুরুষ সদস্য কুচকাওয়াজে অংশ নেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা খালেদা ইয়াসমিন বলেন, ‘ডিফেন্সের প্রতি ছোট থেকেই দুর্বলতা ছিল। তাই এই পেশায় আসা। এর মধ্যমে পেশাগতভাবে প্রতিষ্ঠার পাশাপাশি জনসেবারও সুযোগ পাওয়া যাবে। প্রশিক্ষণে নতুন পরিবেশ, নতুন মানুষ দেখে প্রথম দিকে খারাপ লাগত। এখন আর সমস্যা হচ্ছে না।’

টাঙ্গাইলের মির্জাপুর থেকে এসেছেন লিমা খানম।  টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজে সমাজকর্ম বিভাগে পড়ালেখা করেছেন। বনিয়াদি প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজে ডেপুটি কমান্ডারের দায়িত্বে ছিলেন। এই দায়িত্ব পালন করতে পেরে তিনি গর্বিত বলে জানিয়েছেন। তিনি বললেন, জনসেবায় নিজেকে উৎসর্গ করার উদ্দেশ্যেই তিনি ফায়ার সার্ভিসে যোগ দিয়েছেন।

রাজধানীর সরকারি তিতুমীর কলেজ থেকে উদ্ভিদবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেছেন কানিজ ফাতিমা। ফায়ার সার্ভিসে যোগ দেওয়ার কারণ নিয়ে তিনি বলেন, বাবাসহ আত্মীয়স্বজনদের ১০-১২ জন প্রতিরক্ষা বাহিনীতে চাকরি করেন। তাই ছোট থেকেই তাঁর এমন বাহিনীর প্রতি দুর্বলতা ছিল।

সমাপনী কুচকাওয়াজ শেষ করার পর এই নারী স্টাফ অফিসার কিছু দিনের মধ্যেই কাজে যোগ দেবেন। আগুন নেভাতে বা দুর্ঘটনায় উদ্ধারকাজে তাঁদের দেখা যাবে পুরুষ কর্মকর্তাদের সঙ্গেই।