আগুন লাগলেই সংকেত দেবে মোবাইল রোবট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকারখানা, ঘরবাড়ি কিংবা ব্যবসাপ্রতিষ্ঠান। সেখানে প্রতিনিয়তই ঘটছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও দুর্ঘটনা। এতে দগ্ধ হয়ে প্রাণ যাচ্ছে অনেকের। এ ছাড়া জাহাজভাঙা শিল্পে বড় দুর্ঘটনা তো প্রায়ই ঘটছে। এসব দুর্ঘটনার উত্তরণে পথ দেখাচ্ছে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের (ইডিইউ) আট শিক্ষার্থীর উদ্ভাবন করা মোবাইল রোবট। এই রোবট মুহূর্তেই দুর্ঘটনার কারণ জানিয়ে পদক্ষেপ নিতে সহায়তা করবে।
রোবটটির উদ্ভাবক আট তরুণ হলেন: রাগিব নেহাল আরাফাত (দলনেতা), মোহাম্মদ মামুন হোসাইন, সৈয়দ মো. জিয়াউদ্দিন, জিমি পালিত, মাহমুদুল্লাহ মামুন, মো. মিজান, শিপন রায় ও শুভাশীষ। তাঁরা সবাই পড়ছেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের বিভিন্ন বিভাগে।
সম্প্রতি বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প প্রতিযোগিতায় জ্যেষ্ঠ ক্যাটাগরিতে রানারআপ হয়েছে ওই তরুণের এই প্রকল্প। এই রোবট প্রকল্প উদ্ভাবন করে মেলায় আসা দর্শনার্থীদের প্রশংসাও কুড়িয়েছেন তাঁরা। প্রতিযোগিতায় দেশের ৩০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
কীভাবে কাজ করবে এই রোবট? জানতে চাইলে নেহালা আরাফাত জানান, ‘গ্যাসের কারণে কোনো দুর্ঘটনা কিংবা আগুন লাগার ঘটনা ঘটলে সেটি লাল বাতি জ্বালিয়ে নিজেই সংকেত দেবে। এই সময় হর্ন বেজে উঠবে। এখানে রয়েছে দুই ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা। একটি হলো স্বয়ংক্রিয়। আরেকটি হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ। রোবটটিতে আগে থেকেই সেট করা মেসেজের মাধ্যমে নিকটস্থ ফায়ার সার্ভিসে বার্তা পাঠানো যাবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে অগ্নিকাণ্ড কিংবা গ্যাস বিস্ফোরণে দুর্ঘটনা বেশি হয়। সেখান থেকে উত্তরণের জন্য আমরা বন্ধুরা মিলে এই প্রকল্পটি তৈরি করেছি। এটির মাধ্যমে গ্যাসের অনিরাপদ ব্যবহারজনিত কারণে যে বিস্ফোরণ হচ্ছে তার ভয়াবহতা সহজেই নিরূপন করা যাবে। এতে প্রাণহানি রোধ ছাড়াও কোটি টাকার সম্পদ রক্ষা পাবে। এই কাজে আমাদের বিভাগের দুই শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন ও গোলাম মোক্তাদির বিশেষভাবে সহযোগিতা করেছেন। শিগগিরই প্রকল্পটি দেশের বাইরে প্রদর্শিত করা হবে।’
১৪ মে বিজয়ী দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি তাঁদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘বুয়েটে অনুষ্ঠিত আন্তবিশ্ববিদ্যালয় রোবট প্রতিযোগিতায় সাফল্যের পর আবারও এই ধরনের কৃতিত্ব ইডিইউকে ভিন্নমাত্রায় উপস্থাপন করবে সবার কাছে।
আমি বিশ্বাস করি রোবট উদ্ভাবক দলের প্রতিটি সদস্য একদিন এই ধরনের প্রকল্পের মাধ্যমে দেশসেবায় বড় অবদান রাখবে।’