আগুনঝরা মার্চ স্মরণে কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার মাসের প্রথম দিনে জমজমাট কনর্সাট হয়ে গেল নগরের ডিসি হিল পার্কের নজরুল চত্বরে। চট্টগ্রাম মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের (সিএমবিএ-চামবা) পঞ্চম ব্যান্ড উৎসব ছিল এটি। বেলা সোয়া দুইটায় শুরু হওয়া এ অনুষ্ঠানে চট্টগ্রামের ১৯টি ব্যান্ড দলের পাশাপাশি ঢাকার ব্যান্ড দল দুরবিনও গান পরিবেশন করে।
ফিউচার ব্যান্ডের পরিবেশনা দিয়ে শুরু হওয়া আসরের প্রথম পর্বে মঞ্চ মাতায় অ্যামেচার, আর্ট অব লাইফ, ব্লু-হর্নেট, ক্যানভাস, ফিউচার, নেক্সাস, অসময়, সোলজারস, গ্রিনস্কেইপ, হার্টস রিলেশন ও স্পার্ক। প্রতিটি দল দুটি করে গান পরিবেশন করে। হার্টস রিলেশনের ‘তুই রাজাকার’ ও স্পার্কের ‘স্বাধীনতা’ উজ্জীবিত করে দর্শকদের।
সন্ধ্যে সোয়া ছয়টায় মঞ্চে আসে দুরবিন দল। ব্যান্ডটির প্রধান ভোকাল শহীদ মঞ্চ মাতিয়ে তোলেন। দলের সদস্যরা পরিবেশন করেন—‘আমি যারে ভালোবাসি’, ‘কর্ণফুলী’, ‘আমায় এত দুঃখ দিলে বন্ধু’, ‘তুমি আমার বাংলাদেশ’সহ বেশ কয়েকটি গান।
এরপর মঞ্চে আসে ওয়ার্নিং, ফ্রান্টিক, রিভার্ব, স্যান্ডস, রিসেন্ট, এক্সপ্লোর ও আর্তনাদ। রিভার্বের পরিবেশনা ‘বাড়িয়ে দাও তোমার হাত’ গানটি দর্শকদের হূদয় স্পর্শ করে। ব্লেস অ্যান্ড কার্স ব্যান্ডের পরিবেশনার মাধ্যমে শেষ হয় এই অনুষ্ঠান।
চামবার সভাপতি আহমেদ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ডিস্ট্রিবিউশন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল আলম। অতিথি ছিলেন সোলাইমান আলম শেঠ, মো. ইয়াসিন চৌধুরী, মহিউদ্দিন, নোয়েল ম্যানডিস, মো. মহিউদ্দোলা, মোহাম্মদ আলী, জ্যাকব ডায়াস, তাহের ও তাজুল ইসলাম। অনুষ্ঠানটি স্পনসর করেছে প্রাইম ডিস্ট্রিবিউশন গ্রুপ। মিডিয়া পার্টনার ছিল রেডিও টুডে, মাছরাঙ্গা ও দৈনিক আজাদী। শব্দ ও আলোকসজ্জায় ছিল, সাউন্ড স্পার্ক ও প্রতিশ্রুতি।