আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াল বিভিন্ন সংস্থা
খাগড়াছড়ির দীঘিনালার বেতছড়ি বাজারে ৬ জানুয়ারি ভোরে আগুনে পুড়ে যাওয়া ১১টি ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছে দীঘিনালা সেনা জোন, আওয়ামী লীগ, বিএনপি ও কাশেম অ্যান্ড ব্রাদার্স নামের স্থানীয় একটি ব্যবসাপ্রতিষ্ঠান।
৬ জানুয়ারি আওয়ামী লীগের পক্ষ থেকে ১১টি দোকানের মালিককে ১১ বান্ডিল ঢেউটিন, কাশেম অ্যান্ড ব্রাদার্সের পক্ষ থেকে ১১ বস্তা চাল, বিএনপির পক্ষ থেকে ১১ বস্তা চাল ও ১২ জানুয়ারি দীঘিনালা সেনা জোন-তেজস্বী বীরের পক্ষ থেকে ১১ বান্ডিল ঢেউটিন দেওয়া হয়। সেনা তেজস্বী বীরের অধিনায়ক লে. কর্নেল মহসীন রেজা বলেন, ‘আগুনে ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে, তা আমাদের পুষিয়ে দেওয়া সম্ভব নয়। আমরা সামান্য সাহায্য নিয়ে ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র।’
এক নম্বর মেরুং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন জানান, ৬ জানুয়ারি ভোররাতে আগুনে বেতছড়ি বাজারের ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।